‘আগামী ৪০ বছরেই সংখ্যালঘু হয়ে পড়ার ঝুঁকিতে শ্বেতাঙ্গ ব্রিটিশরা’
কমছে জন্মহার, বাড়ছে প্রবীণদের চাপ; ৪০ বছরেই বদলে যেতে পারে যুক্তরাজ্যের জনসংখ্যার চিত্র। জনসংখ্যাতত্ত্ববিদ পল মরল্যান্ডের বিশ্লেষণে উঠে এসেছে আগামীর সেই শঙ্কা।
জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় আগামী চার দশকের মধ্যে যুক্তরাজ্যে শ্বেতাঙ্গ ব্রিটিশরা সংখ্যালঘু হয়ে পড়তে পারেন। এমন সতর্কবার্তা দিয়েছেন দেশটির শীর্ষ জনসংখ্যাতত্ত্ববিদ পল মরল্যান্ড।
ফিলিপ পিলকিংটনের সঙ্গে যৌথভাবে লেখা নতুন বই ‘বাস্ট’-এ তিনি দেখিয়েছেন, প্রজনন হার বর্তমান ধারায় চলতে থাকলে অর্থনীতি ও সমাজব্যবস্থা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে।
আমরা সাধারণত জন্মহার কমে যাওয়াকে তেমন বড় বা জরুরি কোনো সমস্যা মনে করি না, আর দেশের রাজনীতিবিদরাও বিষয়টি নিয়ে একদমই চিন্তিত নন।
এ কারণেই যুক্তরাজ্যের অন্যতম সেরা জনসংখ্যা বিশেষজ্ঞ মরল্যান্ড আগে জনসংখ্যা পরিবর্তনের ইতিহাস ও সামাজিক প্রভাব নিয়ে কাজ করলেও, এখন তিনি অর্থনীতি ও সরকারি কোষাগারের (ট্রেজারি) ওপর এর প্রভাব কী পড়বে তা নিয়ে কাজ শুরু করেছেন।
মরল্যান্ড মনে করেন, বড় পরিবার গড়তে উৎসাহিত করতে দাদা-দাদি বা নানা-নানির ভূমিকা অপরিহার্য। তবে রাজনীতিবিদরা জন্মহার কমে যাওয়ার বিষয়টি নিয়ে এখনও নির্বিকার রয়েছেন।
জনসংখ্যা ধসের বৈশ্বিক চিত্র:
দক্ষিণ কোরিয়ার প্রজনন হার নারী প্রতি প্রায় ০.৮-এ নেমে এসেছে, যেখানে জনসংখ্যা স্থিতিশীল রাখতে ২.১ প্রয়োজন। মরল্যান্ডের হিসাব অনুযায়ী, এই ধারা চললে প্রতিটি পরবর্তী প্রজন্মের আকার হবে আগের প্রজন্মের প্রায় ৪০ শতাংশ। ফলে তৃতীয় প্রজন্মে জনসংখ্যা প্রথম প্রজন্মের চেয়ে প্রায় ৯৪ শতাংশ কমে যাবে।
তিনি সতর্ক করে বলেন, প্রথমে গ্রাম ও পরে ছোট শহরগুলো জনশূন্য হয়ে পড়বে। টোকিও, রোম বা সিউলের মতো বড় শহরগুলোকে সমৃদ্ধ মনে হলেও আশপাশের অঞ্চল খালি হয়ে যাবে। বিশ্বের অর্ধেকেরও বেশি দেশে এখন প্রজনন হার প্রতিস্থাপন মাত্রার (২.১) নিচে নেমে গেছে।
‘বার্ধক্যজনিত চার সংকট’ ও অর্থনৈতিক বিপর্যয়
জনসংখ্যা হ্রাসের পরিণতি ভয়াবহ হবে বলে মনে করেন মরল্যান্ড। তার ভাষায়, “আমরা যেভাবে অর্থনীতিকে চিনি, তার আর অস্তিত্ব থাকবে না। কোনো কল্যাণরাষ্ট্র থাকবে না, পেনশনও থাকবে না।” পণ্য সরবরাহের খরচ বেড়ে মূল্যস্ফীতি অপ্রতিরোধ্য হবে এবং প্রজন্মের মধ্যে সংঘাত শুরু হবে। এমনকি ‘বাস্ট’ বইয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, সম্পদ বাঁচাতে প্রবীণদের অনাহারে রাখা বা স্বেচ্ছামৃত্যুর দিকে ঠেলে দেওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।
অর্থনৈতিক এই পরিণতিকে তিনি ‘চারটি বার্ধক্যজনিত সংকট’ বা ‘ফোর গ্রে-স’ নামে ব্যাখ্যা করেছেন। এগুলো হল- বয়স্ক শ্রমশক্তি, প্রবীণ পুঁজি, বয়স্ক ভোক্তা এবং সরকারের প্রবীণকেন্দ্রীক অর্থব্যবস্থা।
কর্মক্ষম মানুষ কমে যাওয়ায় ও প্রবীণ জনগোষ্ঠী বাড়ায় শ্রমিক ও ঝুঁকিপূর্ণ পুঁজির অভাব দেখা দেবে। কম সংখ্যক করদাতার অর্থে বিশাল প্রবীণ জনগোষ্ঠীর ভরণপোষণ চালানো রাষ্ট্রের পক্ষে কঠিন হয়ে পড়বে।
মরল্যান্ডের মতে, কেবল অবসরের বয়স বাড়িয়ে বা ‘দাদিকে সপ্তাহে দুই সকাল দোকানে কাজ করতে রাজি করিয়ে’ এই ঘাটতি পূরণ হবে না। শান্তিকালীন সময়েও কেন ঋণের বোঝা এত বেশি, ব্রিটিশ অর্থমন্ত্রী (চ্যান্সেলর) তা নিয়ে ভাবছেন কি না, সে প্রশ্নও তোলেন তিনি। অন্যদিকে নিবন্ধকারের মতে, প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের পক্ষেও আসন্ন এই সংকট সামাল দেওয়া কঠিন হবে।
অভিবাসন ও সামাজিক সংহতির শর্ত
বিদেশ থেকে শ্রমিক এনে এই সমস্যার স্থায়ী সমাধান হবে না বলে মনে করেন মরল্যান্ড। কারণ, অভিবাসীদের জন্মহারও দ্রুত স্থানীয়দের পর্যায়ে নেমে আসে।
তার মতে, সফলভাবে সমাজে একীভূত হওয়ার তিনটি শর্ত রয়েছে, অভিবাসীদের সংখ্যা সীমিত রাখা, সংস্কৃতি ও ইতিহাসে মিল রয়েছে এমন দেশ থেকে আসা এবং আশ্রয়দাতা দেশটির ‘নিজের ওপর বিশ্বাস থাকা’।
মরল্যান্ডের মা-বাবা ছিলেন জার্মান ইহুদি, যারা নাৎসিদের হাত থেকে বাঁচতে যুক্তরাজ্যে পালিয়ে গিয়েছিলেন। তার বাবা ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করার পর লন্ডনে ব্যবসা শুরু করেন এবং একজন ‘দেশপ্রেমিক ব্রিটিশ’ হয়ে উঠেছিলেন।
লন্ডনের ওয়েম্বলিতে বেড়ে ওঠা মরল্যান্ড বলেন, “আমি যে এলাকায় জন্মেছিলাম, তা এখন সম্পূর্ণ অচেনা হয়ে গেছে। বিষয়টি আমাকে কষ্ট দেয়।”
ব্রিটিশ পরিচয় ও ৪০ বছরের পূর্বাভাস
ব্রিটিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মরল্যান্ড আদমশুমারিতে ‘ব্ল্যাক ইংলিশ’ বা ‘এশিয়ান ইংলিশ’-এর মতো পরিচয় যুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করেন।
তিনি নৃগোষ্ঠীকে ‘অভিন্ন পূর্বপুরুষের’ ভিত্তিতে সংজ্ঞায়িত করেন এবং ‘ইংলিশ’ পরিচয়কে কেবল নাগরিক পরিচয় হিসেবে দেখার ধারণা প্রত্যাখ্যান করেন।
নিজেকে ‘ইংলিশ নন’ উল্লেখ করে তিনি বলেন, পাসপোর্ট থাকলেই নৃগোষ্ঠীর অস্তিত্ব অস্বীকার করা যায় না।
যুক্তরাজ্যের ভবিষ্যৎ নিয়ে মরল্যান্ড বলেন, “বর্তমান অভিবাসন ও প্রজনন হার অব্যাহত থাকলে যুক্তিসংগত অনুমানেই বলা যায়, ২০৬০-এর দশকের শুরুতে যুক্তরাজ্যে শ্বেতাঙ্গ ব্রিটিশরা সংখ্যালঘু হয়ে পড়তে পারেন।
“আপনি যদি সেই স্বতন্ত্র নৃগোষ্ঠীটিকে টিকিয়ে রাখতে চান, তবে নিজেদেরই সন্তান নিতে হবে।”
‘ছোট পরিবারের আত্মকেন্দ্রিকতা’
আধুনিক জীবনের স্বাধীনতা ও সমৃদ্ধির কারণে যুক্তরাজ্যের প্রজনন হার এখন প্রায় ১.৪-এ নেমে এসেছে। মরল্যান্ডের আশঙ্কা, আগামী ৫০ বছরে দেশের জনসংখ্যা ৭৫ শতাংশ কমে যেতে পারে। প্রতিটি সন্তানের পেছনে বেশি ব্যয় করা এবং শ্রমের জন্য অন্য দেশের ওপর নির্ভর করার মানসিকতাকে তিনি ‘ছোট পরিবারের আত্মকেন্দ্রিকতা’ বলেছেন।
উদাহরণ হিসেবে তিনি দেখান, জাপানে কর্মক্ষম ও অবসরপ্রাপ্ত মানুষের অনুপাত ৯:১ থেকে ১:১-এর দিকে যাচ্ছে, অথচ ইসরায়েল (প্রজনন হার ২.৯) অভিবাসন ছাড়াই অর্থনীতি সচল রেখেছে।
তবে মরল্যান্ড নারীদের ঘরে আটকে রাখতে চান না। তার স্ত্রী মানবসম্পদ (এইচআর) খাতে সফল ক্যারিয়ার গড়েছেন এবং মেয়েরা অক্সফোর্ড ও কেমব্রিজে পড়াশোনা করেছেন।
সরকার কী করতে পারে ও প্রযুক্তির ভূমিকা
বড় পরিবারকে আকর্ষণীয় করতে আবাসন, শিশু দিবাযত্ন কেন্দ্র (চাইল্ডকেয়ার), শিক্ষাঋণ এবং কর্মক্ষেত্রের কাঠামো নতুনভাবে সাজানোর পরামর্শ দিয়েছেন মরল্যান্ড।
সন্তান লালন-পালনকে বোঝা হিসেবে দেখানোর সংস্কৃতি বদলানোরও আহ্বান জানান তিনি। তবে হাঙ্গেরিসহ বিভিন্ন দেশে সরকারি ভাতা দিয়েও জন্মহার বাড়ানো যায়নি বলে তিনি স্বীকার করেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শ্রমিকের ঘাটতি পূরণ করতে পারে কি না, এমন প্রশ্নে মরল্যান্ড বলেন, বয়স্ক ও সংখ্যায় কমে আসা মানবজাতি এআইয়ের দেওয়া স্বাচ্ছন্দ্যে নিজেদের ঘিরে রাখবে, এমন ভবিষ্যৎ তার কাছে হতাশাজনক। তা ছাড়া এআই বাড়ির ছাদে টালি বসানোর মতো শারীরিক দক্ষতার কাজ করতে পারবে কি না, তা নিয়েও তিনি সন্দিহান।
ইতিহাসে ম্যালথাস ও এরলিখের মতো জনসংখ্যাতত্ত্ববিদদের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়েছে। মরল্যান্ডও মেনে নেন, তার হিসাব ভুল হতে পারে।
তবে মূল সাক্ষাৎকারভিত্তিক নিবন্ধটির লেখকের প্রশ্ন, মরল্যান্ড ভুল হতে পারেন, শুধু এই অজুহাতে কি রাজনীতিবিদদের উচিত তার সতর্কবার্তা উপেক্ষা করা?
