২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইলেন অ্যাটর্নি জেনারেল

“তার অপরাধ সমুদ্র সমান; তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা।”

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইলেন অ্যাটর্নি জেনারেল

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 10:25 PM

Updated : 26 Nov 2026, 10:25 PM

চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসানকে ‘ঘৃণ্য বিশ্বাসঘাতক’, ‘জঘন্য সিরিয়াল কিলার’ ও ‘বিশ্ব মানবতার কলঙ্ক’ আখ্যা দিয়ে তার মৃত্যুদণ্ড চেয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

একইসঙ্গে জিয়াউলের সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্কে এসব আবেদন জানান রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা।

যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, সেনাবাহিনীর সদস্যদের বেতন-ভাতা জনগণের করের টাকায় দেওয়া হয়। তাদের দায়িত্ব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু জিয়াউল আহসান রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের নিজের দেশের মানুষের বিরুদ্ধেই ব্যবহার করেছেন।

রুহুল কুদ্দুস কাজল বলেন, “একজন দায়িত্বশীল রাষ্ট্রীয় কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ শুধুমাত্র দায়িত্বের লঙ্ঘন নয়; এটি মানুষের প্রতি এবং রাষ্ট্রের প্রতি এক চরম নির্মম বিশ্বাসঘাতকতা।”

তিন অভিযোগে ১১৬ জনের গুম-হত্যার দাবি

২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে সংঘটিত তিনটি ঘটনায় মোট ১১৬ জনকে অপহরণ, গুম ও হত্যার দায় জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে বলে যুক্তিতর্কে দাবি করেন অ্যাটর্নি জেনারেল।

প্রথম অভিযোগে ২০১১ সালের ১১ জুলাই গাজীপুরের পূবাইলে কিশোর সজলসহ চারজনকে হত্যার কথা তুলে ধরেন তিনি। তার দাবি, জিয়াউল আহসান ঘটনাস্থলে উপস্থিত থেকে সজলকে গুলি করেন এবং অন্যদের হত্যার নির্দেশ দেন।

দ্বিতীয় অভিযোগে বিডিআর সদস্য নজরুল ইসলাম মল্লিক ও আলকাস মল্লিকসহ অন্তত ৫০ জনকে হত্যা ও গুম এবং তৃতীয় অভিযোগে ২০১১ থেকে ২০১২ সালের মধ্যে বলেশ্বর নদ ও সুন্দরবন এলাকায় ‘ক্রসফায়ারের’ নামে অন্তত ১৫ জনকে হত্যার অভিযোগ তুলে ধরেন তিনি।

সজলের মা ভুলু বেগমের সাক্ষ্যের অংশবিশেষ পড়ে শুনিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ১৭ বছর বয়সী সজল দুপুরে ভাত না খেয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। নয় দিন পর গাজীপুর হাসপাতালে তার লাশ পাওয়া যায়।

সন্তানহারা মাকে বিচার পাওয়ার সান্ত্বনা দিতেই রাষ্ট্রপক্ষের এই প্রচেষ্টা মন্তব্য করে কাজল বলেন, “এই সন্তানহারা মায়ের তার সন্তান হত্যার বিচার হয়েছে—শুধুমাত্র এই সান্ত্বনাটুকু দেওয়ার জন্য আমাদের আজকের এই প্রচেষ্টা।”

‘অপরাধ সমুদ্র সমান, মৃত্যুদণ্ড শিশির কণা’

দার্শনিক হেগেল ও আইনদার্শনিক হার্বার্ট মরিসের উদ্ধৃতি দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, অপরাধীর শাস্তি পাওয়া তার মৌলিক অধিকার এবং দৃষ্টান্তমূলক সাজা না হলে সভ্যতা টিকে থাকতে পারে না।

অপরাধের সংখ্যা, নিষ্ঠুরতা ও মানুষের জীবনে এর প্রভাব বিবেচনায় কোনো শাস্তিই যথেষ্ট নয় মন্তব্য করে তিনি বলেন, “তার অপরাধ সমুদ্র সমান। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা।”

প্রতিটি অভিযোগে বাংলাদেশের জনগণের পক্ষে সর্বোচ্চ শাস্তি চেয়ে তিনি বলেন, “আমি নিষ্ঠুর খুনি, এ মানবতাবিরোধী অপরাধী, আন্তর্জাতিক আইনে স্বীকৃত ঘৃণ্য বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার এবং বিশ্ব মানবতার কলঙ্ক মেজর জেনারেল চাকরিচ্যুত জিয়াউল আহসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার এবং তার সকল সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভিক্টিমদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ প্রার্থনা করছি।”

‘গুম চলতে পারে হাশরের ময়দান পর্যন্ত’

গুমকে পৃথিবীর নিকৃষ্টতম ও চলমান অপরাধ হিসেবে বর্ণনা করেন অ্যাটর্নি জেনারেল কাজল।

তিনি বলেন, “যতদিন পর্যন্ত এই ব্যক্তি খুঁজে না পাওয়া যাবে, এমনকি হতে পারে হাশরের ময়দান পর্যন্ত এই অপরাধ চলতে থাকবে—কারণ তার আমরা কোনো খোঁজ পাইনি।”

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের অনিশ্চয়তার কথা তুলে ধরে রুহুল কুদ্দুস কাজল বলেন, “একজন সন্তান জানে না, সে এতিম কি না। একজন স্ত্রী জানেন না, তিনি সধবা নাকি বিধবা। তাদের কোনো কবর থাকে না। শেষবারের মতো বিদায় জানানোর সুযোগটুকুও থাকে না। তাদের জানাজা হয় না, দাফন হয় না, শেষকৃত্য হয় না।”

বিএনপি নেতা এম ইলিয়াস আলী, চৌধুরী আলম, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ব্যারিস্টার আরমান এবং ‘মায়ের ডাক’-এর তুলির ভাই সুমনের গুমের ঘটনাও যুক্তিতর্কে তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল।

দেশের ২০ কোটির বেশি নাগরিক জিয়াউল আহসানের অপরাধের ভুক্তভোগী মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল বলেন, “কারণ নাগরিক হিসেবে, রাষ্ট্র হিসেবেও কিন্তু আমাদের এ ধরনের অপরাধের গ্লানি আমাদের কুঁড়ে কুঁড়ে খাচ্ছে।”

নদীতে ভেসে ওঠে গুমের শিকার ব্যক্তিদের লাশ

টিএফআই সেল বা ‘আয়নাঘরে’ আটকে রেখে নির্যাতন এবং পরে নদীতে লাশ ফেলে দেওয়ার পদ্ধতির সঙ্গে আর্জেন্টিনার সামরিক জান্তার ‘ডেথ ফ্লাইটস’ ও নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার তুলনা করেন রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেন, টিএফআই সেল থেকে চোখ বাঁধা বন্দিদের বিশেষভাবে সাজানো ট্রলারে তোলা হতো। তাদের শরীরে সিমেন্টভর্তি ভারী বস্তা বেঁধে, মাথায় গুলি করে বা ইনজেকশন দিয়ে এবং কমান্ডো ছুরি দিয়ে পেট চিরে গভীর পানিতে ফেলে দেওয়া হতো, যাতে লাশ আর ভেসে না ওঠে।

আর্জেন্টিনার সাগর যেভাবে হত্যার শিকার ব্যক্তিদের ফিরিয়ে দিয়েছিল, বাংলাদেশের নদীও তেমনভাবে তার শিকারকে ফিরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন কাজল।

এ প্রসঙ্গে বাগেরহাটের শরণখোলায় বিডিআর সদস্য নজরুল ইসলাম মল্লিকের লাশ এবং নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে সাত খুনের লাশ ভেসে ওঠার কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, “প্রকৃতিও এই বিচারকে ত্বরান্বিত করার জন্য সাহায্য করেছে।”

এ সময় নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় ব্যবহৃত ইনজেকশনের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। কাজলের ভাষ্য, গুমের শিকার ব্যক্তিদের নিস্তেজ করতে ব্যবহৃত ওই ইনজেকশন ফার্মেসিতে মাত্র ১৭২ টাকায় প্রেসক্রিপশন ছাড়াই কেনা যেত।

বিষয়টি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন অ্যাটর্নি জেনারেল।

‘শীর্ষ এক-দুজন ছাড়া কারও কাছে জবাবদিহি করতেন না’

জিয়াউল আহসানের ক্ষমতা ও প্রভাব তুলে ধরতে গিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের ক্ষেত্রে সাধারণত যে নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়, তার ক্ষেত্রে তা প্রযোজ্য ছিল না। তৎকালীন প্রধানমন্ত্রীর সামরিক সচিবের সঙ্গে সখ্যতার কারণে তার প্রবেশ সহজ ছিল।

সাবেক সেনাপ্রধানের সাক্ষ্যের বরাত দিয়ে তিনি বলেন, সেনাবাহিনীর চেইন অব কমান্ড এড়িয়ে এবং মাতৃবাহিনীতে না গিয়েই জিয়াউল আহসানের বারবার পদোন্নতি হয়েছে। প্রশাসনিক কাঠামোর শীর্ষ এক-দুজন ছাড়া আর কারও কাছে তাকে জবাবদিহি করতে হতো না।

নারায়ণগঞ্জের সাত খুন মামলায় লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দির বরাত দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, র‌্যাবের এডিজি (অপারেশনস) হিসেবে জিয়াউল আহসানের অনুমতি ছাড়া কোনো অভিযান হতো না।

এ ছাড়া তার বিরুদ্ধে ছয় কোটি টাকার আর্থিক লেনদেন, গুলশানের ফ্ল্যাট এবং দুর্নীতি দমন কমিশনে মামলা ও তদন্ত চলার বিষয়টিও যুক্তিতর্কে তুলে ধরেন তিনি।

শান্তিকালেও বিচারের এখতিয়ার রয়েছে ট্রাইব্যুনালের

১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন কেবল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধ বিচারের জন্য সীমাবদ্ধ নয় বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

রুহুল কুদ্দুস কাজল বলেন, শান্তিকালেও বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণ হলে এই আইনে বিচারের এখতিয়ার রয়েছে ট্রাইব্যুনালের। সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদ ও রোম স্ট্যাটিউটের আলোকে আন্তর্জাতিক মানদণ্ড মেনেই বিচার চলছে। আসামিপক্ষও সাক্ষীদের জেরা ও আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ পাচ্ছে বলে দাবি করেন তিনি।

এ মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী রোববার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।