এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
জিডিপিতে এ খাতের অবদান ২০৩১ সালের মধ্যে ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে, বলেন তিনি।
আগামী চার বছরে এসএমই খাত ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরি করা।
রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে সরকারপ্রধান এসব কথা বলেন।
তিনি বলেন, “এসএম ফাউন্ডেশনের মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে কমপক্ষে ৫০ হাজার উদ্যোক্তাদের ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং এবং ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
“পাশাপাশি ‘মেইড ইন বাংলাদেশ’ এবং ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মাধ্যমে স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণ জিআই ট্রেডমার্ক এবং ডিজাইন নিবন্ধন ও সহায়তা এবং দেশি-বিদেশি ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।”
নারী কিংবা পুরুষ যারা উদ্যোক্তা হতে আগ্রহী, তাদের জন্য এসএমই ফাউন্ডেশন ‘এসএমই সৃষ্টি’ নামে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বলে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এ কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪টি জেলায় প্রতি বছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
“এর ফলে আমরা আশা করছি, আগামী চার বছরে ইনশাল্লাহ ২৫ হাজারেরও বেশি নতুন উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব হবে দেশে।”
প্রধানমন্ত্রী বলেন, “সরকার চায় দেশে এসএম বিকাশের মাধ্যমে প্রতিটি কর্মক্ষেত্র এবং কর্ম সক্ষম মানুষ ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন উৎপাদনশীল কাজে সক্রিয় হোক।”
জিডিপিতে এসএমই খাতের অবদান ৩৫ শতাংশের উন্নীত করার সরকারের লক্ষ্যে কথা তুলে ধরেন তারেক রহমান।
তিনি বলেন, দেশ-বিদেশের পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত অগ্রগতি, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ২০২৯ সালে এলডিসি থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ বিবেচনায় সরকার ইতোমধ্যে জাতীয় এসএম নীতিমালা-২০২৬ এর খসড়া প্রণয়ন করেছে। শিগগিরই এ নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদন করা হবে।
বাংলাদেশকে পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের কেন্দ্র এবং রপ্তানি
এই নীতিমালার রূপকল্প হবে অর্থাৎ মূল বিষয়টি হবে বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাব এবং রপ্তানির প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্টার পরিকল্পনার কথা তুলে ধরেন সররকারপ্রধান।
তিনি বলেন, “এ নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে আমাদের।
“এ খাতের মাধ্যমে আমাদের লক্ষ্য রয়েছে, ২৫ লক্ষ নতুন কর্মসংস্থান যাতে সৃষ্টি করা সম্ভব হয়।”
