২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানের মন্তব্য নিয়ে ব্রিফিংয়ে প্রশ্ন, এড়িয়ে গেলেন জয়সওয়াল

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিকে অভ্যন্তরীণ বিষয় আখ্যা দিয়ে এ নিয়ে ভারতের কোন মন্তব্য নেই বলে জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 09:56 PM

Updated : 20 Nov 2026, 11:37 PM

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা ভারতে বসে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতায় উসকানি দিচ্ছেন বলে প্রধানমন্ত্রী তারেক রহমান যে মন্তব্য করেছেন, এ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল।

নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বৃহস্পতিবার এ বিষয়ে জয়সওয়ালকে প্রশ্ন করেন স্থানীয় ‘হরিভূমি’ পত্রিকার সাংবাদিক কবিতা যোশী।

তার প্রশ্ন ছিল, “বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগের কর্মীরা তাদের দেশে বিক্ষোভ করছে এবং এর পেছনে যাদের হাত রয়েছে, তারা হলেন নয়াদিল্লিতে বসে থাকা রাজনৈতিক প্রভুরা। তাদের ইশারাতেই বাংলাদেশে এসব কিছু ঘটছে।” এ বিষয়ে তিনি ভারতের অবস্থান জানতে চান।

জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী কিছু মন্তব্য করেছেন। এ বিষয়ে আমি বলতে চাই, আমাদের সবসময়ই এই ধারাবাহিক অবস্থান ছিল যে আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, ভবিষ্যৎমুখী এবং গঠনমূলক সম্পর্ক চাই। আর এর ভিত্তি হল আমাদের অভিন্ন ইতিহাস, অভিন্ন ত্যাগ এবং যা আমাদের অভিন্ন সাংস্কৃতিক মূল্যবোধের সাথে যুক্ত। সেখানে যেসব মন্তব্য করা হয়েছে, সেগুলো তাদের নিজস্ব বিষয়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।”

প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৮ নভেম্বর সংসদে এক ভাষণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার জন্য ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে দায়ী করেন। এ ক্ষেত্রে ভারতের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের মনোভাব স্পষ্ট হয়ে গেছে। তারা বাংলাদেশের স্বাধীনতাকামী ও গণতান্ত্রিক জনগণের পাশে নেই; বরং সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।”

এছাড়া বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় তারেক রহমান বলেন, “সীমান্তের ওপারের প্রভুদের খুশি করতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আবার দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।” তাই দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের শক্তভাবে জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর এ মন্তব্য নিয়ে শুক্রবার প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, “বাংলাদেশ নিয়ে আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়, যা দুই দেশের অভিন্ন ইতিহাস এবং দুই দেশের জনগণের অভিন্ন সাংস্কৃতিক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত।”

ব্রিফিংয়ে দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে যে অনুরোধ জানানো হয়েছিল, সে বিষয়ে কোনো নতুন তথ্য আছে কিনা জানতে চান এক সাংবাদিক।

তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানান জয়সওয়াল।

আইসিজের রায়কে স্বাগত

ব্রিফিংয়ে এক সাংবাদিক মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচারিক আদলতের (আইসিজে) বৃহস্পতিবারের রায় নিয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চান।

জবাবে এ রায়কে স্বাগত জানিয়ে জয়সওয়াল বলেন, “আইসিজের রায়ের বিষয়ে আমরা অবগত আছি এবং বিষয়টি নজরে রেখেছি। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত এবং টেকসই প্রত্যাবাসনে ভারত বরাবরই সমর্থন দিয়ে আসছে। এই লক্ষ্যে ভারত আগেও ‘অপারেশন ইনসানিয়াত’-এর অধীনে পাঁচ ধাপে বাংলাদেশে থাকা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ত্রাণসামগ্রী দিয়ে সহায়তা করেছিল। এছাড়া এই উদ্দেশ্যে আমরা মিয়ানমারের রাখাইন রাজ্যের উন্নয়ন প্রকল্পকেও সমর্থন দিয়েছি।”

গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন নিয়েও প্রশ্ন

ব্রিফিংয়ে বার্তা সংস্থা পিটিআই এর এক সাংবাদিক জানতে চান, গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন না করার জন্য ভারতে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে। দুই দেশের মধ্যে এ নিয়ে কোনো আলোচনার পরিকল্পনা আছে কিনা।

আরেক সাংবাদিক গৌতম লাহিড়ী প্রশ্ন করেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজনসহ ভারতীয় কর্মকর্তাদের একটি দল এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন। সম্ভবত রোববার যৌথ নদী কমিশনের অধীনে গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে কিনা।

জবাবে জয়সওয়াল বলেন, “আমরা আগেও যেমনটি বলেছি, গঙ্গাসহ আন্তঃসীমান্ত নদী ও পানি সংক্রান্ত সব বিষয় নিয়ে আলোচনার জন্য ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনই হল প্রতিষ্ঠিত মাধ্যম। ভারতের স্বার্থ সুরক্ষিত রেখে বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতেও আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আর ঢাকায় নির্দিষ্ট বৈঠকটি কারিগরি পর্যায়ের বৈঠক কি না, সে বিষয়ে আমার কাছে হালনাগাদ তথ্য নেই।”

দ্য হিন্দু পত্রিকার এক সাংবাদিকও একই বিষয়ে প্রশ্ন করেন। তার জিজ্ঞাসা ছিল, গঙ্গার পানি চুক্তির মেয়াদ যেহেতু আগামী ১২ ডিসেম্বর শেষ হবে, সেহেতু এটি নবায়নের বিষয়টি সামনে আসবে। এই নবায়ন কি সাময়িক হবে নাকি প্রকৃত অর্থে স্থায়ী। দ্বিতীয়ত যেহেতু চুক্তিটি প্রধানমন্ত্রী পর্যায়ে স্বাক্ষরিত হয়েছিল, সেহেতু চুক্তি নবায়নের আলোচনা বা প্রকৃত নবায়নের জন্য কি কেবল কর্মকর্তা পর্যায়ের বৈঠকই যথেষ্ট হবে কিনা? অর্থাৎ দুই দেশের সর্বোচ্চ নেতৃত্ব বা প্রধানমন্ত্রীর উপস্থিতি ছাড়া কি এই চুক্তি নবায়ন করা সম্ভব?

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে সরাসরি কোনো জবাব না দিয়ে প্রসঙ্গটি এড়িয়ে যান। এ বিষয়ে নতুন করে যোগ করার মত তার কাছে কিছু নেই বলেও জানান তিনি।