বরিশালে মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছে বেঁধে মারধর
প্রথম দফা মারধরের পর ভয়ে পরিবার নিয়ে বাড়ির পাশে ছাগল রাখার ঘরে রাত কাটান ভুক্তভোগী।
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগে এক ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে।
শুক্রবার সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে বলে আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানিয়েছেন।
আহত নয়ন ওরফে গুরু পান্ডে (৪০) ওই গ্রামের বাসিন্দা। তিনি আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নয়ন পান্ডের অভিযোগ, স্থানীয় এক ব্যক্তির মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে রত্নপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নিমাই পান্ডে ও তার সহযোগীরা তাকে মারধর করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন নয়ন সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে একই এলাকার বিএনপির এক কর্মী মোবাইল চুরির অভিযোগ তুলে তাকে প্রথম দফায় মারধর করেন। এরপর ভয়ে তিনি পরিবার নিয়ে বাড়ির পাশের একটি ছাগল রাখার ঘরে রাত কাটান।
“সকালে বাথরুমে গেলে কয়েকজন আমাকে টেনেহিঁচড়ে বের করে আনেন। পরে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। আমার ১১ বছরের ছেলে তাদের হাত-পা ধরে আকুতি জানালেও তারা থামেনি। প্রতিবাদ করায় আমার নাতি জামাতা রাবন চন্দ্রকেও মারধর করা হয়”, বলেন তিনি।
নয়নের দাবি, রাজনৈতিক মতাদর্শের কারণে নিমাই পান্ডে ও তার লোকজন আগে থেকেই তার ওপর ক্ষুব্ধ ছিলেন। এর জের ধরে চুরির মিথ্যা অভিযোগ সাজিয়ে তাকে নির্যাতন করা হয়।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন নয়নের স্ত্রী বনানী পান্ডে।
অভিযোগের বিষয়ে জানতে বিএনপি নেতা নিমাই পাণ্ডের মোবাইলে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
ওসি মাসুদ খান বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
