‘ইত্যাদি’র শুটিং দেখতে এসে অনেকের মোবাইল চুরির অভিযোগ, থানায় ১১ জিডি
জয়পুরহাটের নান্দাইলদীঘি পাড়ে নান্দাইলদীঘি কলেজ মাঠে এ অনুষ্ঠান হয়।
জয়পুরহাটের কালাই উপজেলায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং দেখতে এসে অনেক দর্শকের মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় থানায় ১১টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এ ছাড়া পকেট থেকে টাকা চুরির সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি পাড়ে নান্দাইলদীঘি কলেজ মাঠে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালাই থানার ওসি (তদন্ত) ইমায়েদুল জাহেদী।
আটক গোলাম রতন (৪৭) জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে।
পুলিশ জানায়, হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ইত্যাদি’র শুটিং দেখতে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতে শুরু করেন। দিনভর সেখানে প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষের সমাগম হয়।
সন্ধ্যায় শুটিং শুরুর আগে কলেজের প্রবেশপথে ভিড় বাড়ে। এ সময় ভিড়ের সুযোগ নিয়ে চোর ও পকেটমার চক্রের সদস্যরা মানুষের পকেট ও ব্যাগ থেকে মোবাইল ফোন ও টাকা নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
শুটিংয়ের নিরাপত্তায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় আড়াই শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, ৫০ জন স্কাউট ও ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবকও দায়িত্বে ছিলেন।
কালাই থানার ওসি (তদন্ত) ইমায়েদুল জাহেদী বলেন, শুটিং শেষে কয়েকজন মোবাইল চুরির অভিযোগ নিয়ে থানায় আসেন।
বিভিন্ন গণমাধ্যমে শতাধিক মোবাইল চুরির খবরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত ১১টি মোবাইল হারানোর ঘটনায় জিডি হয়েছে। শতাধিক মোবাইল চুরির বিষয়ে থানায় কোনো অভিযোগ বা জিডি হয়নি। এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
