১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

কুড়িগ্রামে মসজিদের ভেতরে মলমূত্র ছিটানোর অভিযোগ

ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 09:54 PM

Updated : 14 Nov 2026, 09:54 PM

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার একটি মসজিদের ভেতরে মলমূত্র ছিটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মসজিদের মুয়াজ্জিন।

শনিবার ভোরে উপজেলার বটতলা রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার ওসি কামাল হোসেন।

মসজিদের মুয়াজ্জিন মো. ছাবেদ আলী (৬৫) ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার ভোর পৌনে ৫টার দিকে ফজরের আজান দিতে বাড়ি থেকে বের হন তিনি। মসজিদের সামনে গিয়ে কয়েকজনকে বালতি হাতে চলে যেতে দেখেন। পরে ভেতরে গিয়ে দরজা-জানালা, দেয়াল ও মেঝেতে মলমূত্র ছড়িয়ে থাকতে দেখেন।

তার চিৎকার শুনে স্থানীয় লোকজন সেখানে আসেন। পরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন তিনি। অভিযোগে সাক্ষী হিসেবে মো. মেহের জামাল, মো. নুর জামাল মিয়া ও মো. আব্দুল গলির নাম দিয়েছেন।

ওসি কামাল হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।