জামালপুরে ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন
আসামিকে সাজার পাশাপাশি ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক।
জামালপুরে মসজিদের ভেতরে মক্তবের ছাত্রীকে ধর্ষণের দায়ে এক ধর্মীয় শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন বলে আদালদের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান। দণ্ডিত মুছা মিয়া (৩৩) গাইবান্ধা জেলার হরিচণ্ডী গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
তিনি দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মণ্ডল পাড়া জামে মসজিদে শিশুদের ধর্মীয় শিক্ষার জন্য মক্তব পরিচালনা করতেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, ২০২০ সালের ২৮ নভেম্বর মক্তবের ছাত্রী স্থানীয় ১৫ বছরের এক কিশোরীকে মসজিদের ভেতরে কৌশলে ধর্ষণ করেন ইমাম মুছা মিয়া।
এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ওই বছরের ৮ ডিসেম্বর দেওয়ানগঞ্জ মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় ১০ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণের পর আসামির উপস্থিতিতে ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম রায় ঘোষণা করেন।
রায়ে আসামি মুছা মিয়াকে যাবজ্জীবনের পাশাপাশি পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে আইনজীবী ফজলুল হক জানিয়েছেন।
