দস্যুমুক্ত সুন্দরবনের দাবি বনজীবী পরিবারের সদস্যদের
সাতক্ষীরার শ্যামনগরে বনজীবী পরিবারের সদস্যরা এই মানববন্ধনে অংশ নেন।
সুন্দরবনকে দস্যুমুক্ত করা এবং জেলে-বাওয়ালিদের জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এবতেদায়ি মাদ্রাসাসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলেদের স্ত্রী-সন্তানসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
কর্মসূচিতে বনদস্যু নির্মূল কমিটির মুখ্য সমন্বয়ক ও সাবেক ইউপি সদস্য মাস্টার আব্দুর রহিম, কমিটির সমন্বয়ক কামরুল ইসলাম বাবলু, পরিবেশকর্মী আশিকুর রহমান, সমাজসেবক আলী, বিল্লাল হোসেন ও পারুল আক্তার বক্তব্য দেন।
মাস্টার আব্দুর রহিম বলেন, “সুন্দরবনের ওপর উপকূলের হাজারো মানুষের জীবিকা নির্ভরশীল। কিন্তু বনদস্যুদের অপতৎপরতায় জেলে-বাওয়ালিরা অপহরণ, মুক্তিপণ আদায় ও প্রাণনাশের হুমকির মধ্যে রয়েছেন। এতে তাদের পরিবারগুলোও চরম আতঙ্ক ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।”
মানববন্ধনে অংশ নেওয়া ময়না খাতুন বলেন, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা মাছ ও কাঁকড়া আহরণে সুন্দরবনে গেলে তাদের নিরাপদে ফিরে আসা নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকতে হয়। বনদস্যুদের কারণে অনেক পরিবার আর্থিক ও মানসিক সংকটে পড়েছে। তিনি স্বজনদের নিরাপদে বনে যাতায়াত নিশ্চিত করার দাবি জানান।
পরিবেশকর্মী আশিকুর রহমান বলেন, বনদস্যুতা মানুষের জীবন-জীবিকার পাশাপাশি সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্যের জন্যও হুমকি। দস্যুদের বিরুদ্ধে কার্যকর ও সমন্বিত অভিযান পরিচালনাসহ এদের মদদদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
