২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে খালি থালা-কলস হাতে নারীদের বিক্ষোভ

তাদের কথায় উঠে আসে পরিবার নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটানোর চরম দুর্দশার বাস্তবতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 05:29 PM

Updated : 26 Nov 2026, 05:29 PM

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে খালি থালা ও কলস হাতে ব্যতিক্রমী প্রতিবাদ করেছেন বিক্ষুব্ধ নারীরা।

উপজেলার গাবুরা সোরা ক্লাব মোড়ে বৃহস্পতিবার বেলা ১১টায় এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বনজীবী, গৃহবধূ, কিশোরী-তরুণীসহ সুন্দরবন উপকূলের শতাধিক নারী।

সুন্দরবনের ওপর নির্ভরশীল পরিবারের এই নারীরা জীবন-জীবিকা, খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট এবং সন্তানদের ভবিষ্যৎ তুলে ধরে দ্রুত বনদস্যু নির্মূলের জোর দাবি জানান। তাদের বয়ানে উঠে আসে পরিবার নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটানোর চরম দুর্দশার বাস্তবতা।

প্রতিবাদে অংশ নেওয়া লায়লা খাতুন বলেন, দস্যুদের দৌরাত্ম্যে পরিবারের পুরুষ সদস্যরা বনে যেতে সাহস পাচ্ছেন না, ফলে কারও কারও বাড়িতে চুলায় আগুন জ্বলেনি, হাঁড়ি ওঠেনি।

বনজীবী পরিবারের গৃহবধূ ময়না খাতুন ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করে বলেন, সুন্দরবনে দস্যুদের আতঙ্কে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় দুইদিন ধরে তার ঘরে রান্না হয়নি।

বিলকিস বেগম বলেন, অভাবে পড়ে সংসার চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে; খাবারের পাশাপাশি দেখা দিয়েছে খাবার পানির মারাত্মক সংকট।

বনদস্যুদের তাণ্ডবে উপকূলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ভেঙে পড়েছে বলে জানান শেফালী বিবি।

রহিমা খাতুন তার বক্তব্যে বলেন, আয় বন্ধ হয়ে যাওয়ায় অভাব ও দারিদ্র্যের এক আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে; অনেক পরিবারে খাবারের অভাবে চুলায় আগুন জ্বলছে না এবং বিশুদ্ধ পানির জন্য ছুটতে হচ্ছে।

শাহিদা খাতুন ও হালিমা খাতুন তাদের বক্তব্যে তুলে ধরেন শিক্ষার সংকটের চিত্র। তারা বলেন, সংসারের চরম অর্থকষ্ট ও টানাপোড়েনে বাধ্য হয়ে তাদের সন্তানদের লেখাপড়াও বন্ধ করে দিতে হচ্ছে।

তাই খাবার শূন্য থালা ও পানি শূন্য কলস হাতে নিয়ে তারা প্রশাসনের কাছে অনাহার, বঞ্চনা ও অসহায়ত্বের করুণ বাস্তবতা তুলে ধরেছেন।

আন্দোলন কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি জানান বনদস্যু নির্মূল কমিটির মুখ্য সমন্বয়ক আশিকুর রহমান, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম বাবলু, মো. ওলিউল্লাহ, শহিদুল্লাহ শেখ, আজগর গাজী এবং সাইফুল ইসলাম।

তারা নারীদের এই সাহসী প্রতিবাদকে স্বাগত জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর অভিযান শুরু করা না হলে উপকূলের মানুষ ও নারীদের নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।