সৌদি আরব ‘ভেঙে পড়ছে’, বললেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, মাত্র তিনদিনেই ইরানকে ধ্বংস করতে পারেন তিনি। তবে সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশ নিজেদের দুর্বলতার কারণে তাকে এমন হামলা না চালাতে অনুরোধ করছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরব 'ভেঙে পড়ছে'। গত শুক্রবারে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হওয়া সৌদি আরবের জন্য এই মন্তব্য অপমানজনক হতে পারে বলে মনে করা হচ্ছে।
সৌদি আরব যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। সেই মিত্রদেশকে নিয়েই ট্রাম্প এমন সমালোচনামূলক কথা বললেন।
আমেরিকান টিভি সাংবাদিক স্টিফেন এ স্মিথকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বড়াই করে বলেছেন, বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে তিনি মাত্র তিন দিনের মধ্যে ইরানকে ধ্বংস করে দিতে পারতেন।
কিন্তু সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো নিজেদের দুর্বলতার কারণে তাকে এমন হামলা না চালানোর জন্য অনুরোধ করেছে।
ট্রাম্প বলেন, “আমি যদি তাদের শেষ করে দিতে চাই, তবে এক দিনেই তাদের (জ্বালানি খাতে) আঘাত হানব। তাদের জ্বালানি ব্যবস্থা শেষ হয়ে যাবে। আর এক দিনে তাদের সব সেতু ধ্বংস হয়ে যাবে এবং আরেক দিনে তাদের উৎপাদন ক্ষমতা (কলকারখানা) শেষ হয়ে যাবে। একেকটির জন্য এক দিন করে, আমার মাত্র তিন দিন সময় লাগবে।”
ট্রাম্প জানান, সৌদি আরব তাকে অনুরোধ করেছে, যেন আপাতত পরিস্থিতি যেভাবে আছে সেভাবেই থাকতে দেওয়া হয়, কারণ তারা নিজেরাই ভেঙে পড়ছে।
ট্রাম্প বলেন, “আপনি যদি কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনের দিকে তাকান তাহলে দেখবেন তাদের সবাই এই অপেক্ষার সময়টুকুকেই (অর্থাৎ এখনই হামলা না করে অপেক্ষা করা) বেশি পছন্দ করবে।”
উপসাগরীয় দেশগুলো এবং বিশেষ করে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওপর ট্রাম্পের যে প্রভাব রয়েছে, তা নিয়ে বড়াই করে তার আনন্দ পাওয়ার ঘটনা এটিই প্রথম নয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই সৌদি আরব তাদের নিরাপত্তার গ্যারান্টি বা রক্ষাকবচ হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে আসছে।
গত মার্চে ইরানের বিরুদ্ধে যুদ্ধ তুঙ্গে থাকার সময় ট্রাম্প বলেছিলেন, “তিনি (মোহাম্মদ বিন সালমান) ভাবেননি, এমন কিছু ঘটবে। তিনি ভাবেননি, তাকে আমার তোষামোদ করতে হবে।”
তিনি ভেবেছিলেন, “আমিও আগের মতো কোনও দুর্বল মার্কিন প্রেসিডেন্টদের মতোই একজন হব। কিন্তু এখন তাকে আমার সঙ্গে ভাল ব্যবহার করতে হচ্ছে।”
