২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের মজুরি যতটুকু বাড়ানো হচ্ছে, সেটা ‘উল্লেখযোগ্য’: মাহদী আমিন

“মজুরি নির্ধারণে সরকারের কোনো প্রভাব বা হস্তক্ষেপ ছিল না, সরকার শুধু প্রক্রিয়াটি এগিয়ে নিতে সহযোগিতা করেছে," বলেন তিনি।

শ্রমিকদের মজুরি যতটুকু বাড়ানো হচ্ছে, সেটা ‘উল্লেখযোগ্য’: মাহদী আমিন

মাহদী আমিন। ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 05:27 PM

Updated : 26 Nov 2026, 05:27 PM

নতুন মজুরি কাঠামোর পাশাপাশি শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের আরও নানা উদ্যোগ থাকার কথা বলেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।

সঙ্গে বলেছেন, জ্বালানি সংকটসহ বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও শ্রমিকদের মজুরি যতটুকু বাড়ানো হচ্ছে, সেটা ‘উল্লেখযোগ্য’।

বৃহস্পতিবার ঢাকার বিজয়নগরে শ্রম ভবনে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মাহ্দী আমিন বলেন, "সাধারণত প্রতি পাঁচ বছর পর মজুরি বোর্ড গঠন করা হলেও এবার ২০২৩ সালের পর মাত্র তিন বছরের মধ্যে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বৈশ্বিক নানা চ্যালেঞ্জ ও শিল্পে জ্বালানি সংকটের মধ্যেও দ্রুততম সময়ে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

"মজুরি বোর্ড সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে শ্রমিক, মালিক এবং নিরপেক্ষ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে নতুন মজুরি নির্ধারণ করেছে। এতে সরকারের কোনো প্রভাব বা হস্তক্ষেপ ছিল না। সরকার শুধু প্রক্রিয়াটি এগিয়ে নিতে সহযোগিতা করেছে।"

নতুন মজুরি কাঠামোর পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, "পোশাকশ্রমিকদের চারটি গ্রেডের মধ্যে তিনটিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। চতুর্থ গ্রেডে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। পরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে মাঝামাঝি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

"নতুন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৫০০ টাকা হয়েছে। এতে বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা বা ৪৩ শতাংশ। দ্বিতীয় গ্রেডে ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে। এই গ্রেডে বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা বা ৪০ দশমিক ১২ শতাংশ। তৃতীয় গ্রেডে মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বেড়ে ১৯ হাজার ২০০ টাকা হয়েছে। বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা বা ৪১ দশমিক ৭০ শতাংশ। চতুর্থ গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭ হাজার টাকা। এই গ্রেডে বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ।"

মাহ্দী আমিন বলেন, "মজুরি নির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা, বড়-মাঝারি ও ছোট কারখানার পরিস্থিতি এবং প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামো বিবেচনায় নেওয়া হয়েছে। নতুন মজুরির সঙ্গে বোনাস ও ওভারটাইম যুক্ত হলে শ্রমিকদের মাসিক আয় আরও বাড়বে। মালিকপক্ষের প্রতিনিধিরাও আশা করছেন, উল্লেখযোগ্যসংখ্যক শ্রমিকের মাসিক আয় ২০ হাজার টাকা বা তার বেশি হবে।"

শ্রমিকদের জন্য সাতটি হাসপাতাল ও ফ্যামিলি কার্ড

নতুন মজুরি কাঠামোর পাশাপাশি শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কমাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন মাহ্দী আমিন।

তিনি বলেন, "শ্রমঘন এলাকায় ভর্তুকি মূল্যে চাল সরবরাহের পরিধি বাড়াতে খাদ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ওএমএসের মাধ্যমে আরও বেশি পোশাকশ্রমিকের কাছে চাল পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

"শ্রমঘন অঞ্চলে ১০০ শয্যার ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের মতামতের ভিত্তিতে হাসপাতালের সংখ্যা বাড়িয়ে সাতটি করার সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টারও থাকবে। এ জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত এসব হাসপাতালের কার্যক্রম শুরু হবে।"

পোশাক শ্রমিকদের ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়েও কাজ চলছে জানিয়ে তিনি বলেন, "শ্রমিক নারীদের নিজেদের নামে ও পুরুষ শ্রমিকদের স্ত্রীদের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।"

মজুরি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িভাড়া ও যাতায়াত খরচ বেড়ে যাওয়ার প্রবণতা বন্ধে সরকার কাজ করছে বলে জানান মাহ্দী আমিন।

তিনি বলেন, "প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্থানীয় সরকার মন্ত্রণালয় সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আলোচনা শুরু করেছে। শ্রমিকদের বেতন বাড়লেই যেন বাড়িভাড়া বাড়িয়ে দেওয়া না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

"একইভাবে হঠাৎ বাসভাড়া বাড়ানোর প্রবণতা বন্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে। শ্রমিকদের আবাসন সংকট সমাধানে শ্রমঘন এলাকায় বহুতল আবাসিক ভবন নির্মাণের বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এ প্রস্তাবে প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।"

সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি, বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা উপস্থিত ছিলেন।