১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরির আলোচনা হওয়া উচিত ১৮ থেকে ২৪ হাজার টাকার মধ্যে: সিপিডি

নাজনীন আহমেদ বলেন, “আমি দরকষাকষি শব্দটা বলতে চাই না। আমি বলতে চাই যে দুই পক্ষের পর্যালোচনায় এই দুটি সংখ্যা এই রেঞ্জের মধ্যে হওয়া দরকার।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 04:48 PM

Updated : 18 Nov 2026, 04:48 PM

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরির আলোচনা ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে হওয়া উচিত বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও পরিবারের প্রয়োজন বিবেচনায় নিয়ে বুধবার রাজধানীর ধানমন্ডিতে নিজেদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ পর্যবেক্ষণ তুলে ধরে গবেষণা সংস্থাটি।

মজুরি নিয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ বলেন, জীবনযাত্রার ব্যয়ের ভিত্তিতে তিনটি স্তরে সম্ভাব্য মজুরি হিসাব করেছেন তারা।

প্রথম স্তরে বলা হয়েছে, ২০২৩ সালের নভেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা দিয়ে তখন যে পরিমাণ পণ্য ও সেবা কেনা যেত, বর্তমান বাজারদরে তা কিনতে প্রয়োজন অন্তত ১৬ হাজার ৩৫১ টাকা। তবে এই হারে মজুরি বাড়ালে শ্রমিকদের প্রকৃত আয় বা জীবনযাত্রার মান বাড়বে না; শুধু আগের ক্রয়ক্ষমতা বজায় থাকবে।

দ্বিতীয় স্তরে চার সদস্যের একটি পরিবারকে উচ্চ দারিদ্র্যসীমার ওপরে রাখতে মাসে অন্তত ১৮ হাজার ৫৭৮ টাকা প্রয়োজন বলে হিসাব করেছে সিপিডি।

তৃতীয় স্তরে খাবার, বাসস্থানসহ মৌলিক প্রয়োজন মেটানোর পাশাপাশি অন্যান্য চাহিদা পূরণে চার সদস্যের একটি পরিবারের মাসে ২৪ হাজার ২০৪ টাকা প্রয়োজন বলে মনে করে সিপিডি।

নাজনীন আহমেদ বলেন, “আমাদের মূল বক্তব্য হচ্ছে যে আলোচনাটা হওয়া উচিত ১৮ হাজার ৫৭৮ আর ২৪ হাজার ২০৪ এর মধ্যে।

“তবে আমরা মনে করি, সময়ের সাথে সাথে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত যে শ্রমিকদের জন্য লিভিং ওয়েজের দিকে যাওয়া। এবং তাদের একটা মানবিক জীবনযাপনের জন্য এবং একটা মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য, যেন পুষ্টিমান বজায় থাকে–এমন জীবনযাপনের জন্য যে মজুরি, সেই দিকে আমাদের যেতে হবে।”

তিনি বলেন, “আমি দরকষাকষি শব্দটা বলতে চাই না। আমি বলতে চাই যে দুই পক্ষের পর্যালোচনায় এই দুটি সংখ্যা এই রেঞ্জের মধ্যে হওয়া দরকার।”

নাজনীন আহমেদ বলেন, বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক চাপের মধ্যে কোনো ধরনের চাপিয়ে দেওয়া বা সংঘাতময় প্রক্রিয়ার পরিবর্তে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত এবং প্রমাণের ওপর ভিত্তি করে মজুরি নির্ধারণ করা দরকার।

“বর্তমান নিয়মে কোনো বড় ধরনের শ্রমিক অসন্তোষ বা আন্দোলনের মুখে তাড়াহুড়ো করে মজুরি বোর্ড গঠন করা হয়, যা দীর্ঘমেয়াদে সংকট সমাধান করে না।”

সিপিডির মতে, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও শিল্পের সক্ষমতা—দুই দিক বিবেচনায় নিয়ে তথ্য-উপাত্তের ভিত্তিতে মজুরি নির্ধারণ করা প্রয়োজন।

২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়ার মধ্যে গত অক্টোবরের শেষ দিকে খাতটিতে শ্রম অসন্তোষ শুরু হয়।

শ্রমিকদের পক্ষ থেকে শুরুতে মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়। পরে গত ৯ নভেম্বর মজুরি বোর্ডের সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন।

সরকার গত ১ নভেম্বর তৈরি পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের তৃতীয় সভা গত ১৬ নভেম্বর হওয়ার কথা থাকলেও এক সদস্য অসুস্থ হয়ে পড়ায় তা স্থগিত করা হয়। পরে সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর। ওই সভায় কারখানার মালিকপক্ষের মজুরি প্রস্তাব দেওয়ার কথা রয়েছে।

মজুরি বৃদ্ধির দাবিতে বুধবারও বিভিন্ন পোশাকশিল্প এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষ হয়েছে।

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

এদিকে ঢাকার মিরপুরেও বুধবার দুপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।