২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে ‘যৌন হয়রানির’ পর হামলা: জামিন পেলেন সেই অভিভাবক

হাই কোর্টের নির্দেশে নির্ধারিত চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন মেয়েটির অভিভাবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 05:16 PM

Updated : 26 Nov 2026, 05:16 PM

গাজীপুরের টঙ্গীতে সাত বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন আলোচিত সেই অভিভাবক।

বৃহস্পতিবার গাজীপুর আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে বিচারক জামিন মঞ্জুর করেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বেল্লাল হোসাইন।

তিনি বলেন, “আইন নিজের হাতে তুলে নেওয়া আইনজীবীরা কোনোভাবেই সমর্থন করে না। তবে ঘটনার আকস্মিকতায় কেউ আইনের সংস্পর্শে বা সংঘর্ষে জড়িয়ে পড়লে ন্যায়বিচারের স্বার্থে আইনজীবীরা আইনি সেবা দেয়, এটা পেশাগত দায়বদ্ধতা।”

আদালত থেকে বেরিয়ে মেয়েটির অভিভাবক বলেন, “আমার বিরুদ্ধে মাদ্রাসা কর্তৃপক্ষ ১৭ লাখ টাকার মিথ্যা মামলা দিয়েছে। জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।”

এর আগে ৩ নভেম্বর হাই কোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ মেয়েটির অভিভাবকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশনা অনুসারেই তিনি নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে হাজির হন।

মামলা থেকে জানা গেছে, ১৯ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এরপর ২১ অক্টোবর শিশুটির অভিভাবক ও স্থানীয় কয়েকজন মাদ্রাসায় গিয়ে এক শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তাকে মারধর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে হেফাজতে নেয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে দেশজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় শিশুর অভিভাবকের পক্ষ থেকে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করা হয়।

অন্যদিকে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে হামলা, ভাঙচুর, শিক্ষক-কর্মচারীদের মারধর এবং ১৭ লাখ টাকা লুটের অভিযোগে মেয়েটির অভিভাবকসহ কয়েকজনের বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়।

পুরনো খবর:

যৌন হয়রানির মামলা: টঙ্গীর সেই মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর
যৌন হয়রানির মামলা: টঙ্গীর সেই মাদ্রাসা ছাত্রীর আদালতে জবানবন্দি, উপাধ্যক্ষ কারাগারে