যৌন হয়রানির মামলায় আইনজীবীর ৩ বছরের কারাদণ্ড
রায় শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
নয় বছর আগে ঢাকার ওয়ারী এলাকায় এক নারীকে যৌন হয়রানির মামলায় মোবারক হোসেন মোহন নামে এক আইনজীবীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুনতাসির আহমেদ বৃহস্পতিবার রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহিনা আক্তার বলেন, দণ্ডের পাশাপাশি আসামিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও এক মাস কারাভোগ করতে হবে।
রায় ঘোষণার আগে মোবারক হোসেন মোহন আদালতে উপস্থিত হন। রায় শেষে তাকে কারাগারে পাঠানো হয় বলে আদালতের বেঞ্চ সহকারী মো. ফোরকান জানিয়েছেন।
মামলার বিবরণে বলা হয়, যৌন হয়রানির শিকার নারী আসামি মোবারক হোসেন মোহনের স্বজন। ওয়ারীর ভজহরি সাহা স্ট্রিট এলাকায় একই বাসায় বিভিন্ন কক্ষে তারা থাকতেন। বিভিন্ন সময়ে তিনি ওই নারীকে নানা প্রস্তাব দেন। ২০১৭ সালের ২০ অগাস্ট রাতে তাকে যৌন হয়রানি করেন।
এ ঘটনায় ওয়ারী থানায় মামলা হয়। ওই বছরের ৩০ সেপ্টেম্বর ওয়ারী থানার এসআই হারুন অর রশীদ আদালতে তদন্ত প্রতিবেদন দেন। ২০১৯ সালের ১ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
মামলার বিচারে ট্রাইব্যুনাল ১৬ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে। আসামির আত্মপক্ষ শুনানি, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল বৃহস্পতিবার রায় দিল।
