হবিগঞ্জে অপহরণের মামলায় তিনজনের ১৪ বছর করে কারাদণ্ড
২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি এক নারীকে অপহরণের ঘটনায় তার বাবা চুনারুঘাট থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন।
হবিগঞ্জের চুনারুঘাটে ১০ বছর আগের এক অপহরণ মামলায় তিন আসামিকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক জেলা ও দায়রা জজ ফাতিমা ইমরোজ ক্ষণিকা এ রায় দেন বলে আদালতের পেশকার জিয়াউল হক জানান।
দণ্ডপ্রাপ্তরা হলেন, চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গাজী মিয়া, জাহান মিয়া ও মজনু মিয়া। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এ মামলায় আরেক আসামি আব্দুল মান্নানকে বেকসুর খালাস দিয়েছে আদালত। এছাড়া মামলার বিচার চলাকালে অপর এক আসামির মৃত্যু হয়েছে।
পেশকার জিয়াউল হক বলেন, ২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি এক নারীকে অপহরণের ঘটনায় তার বাবা চুনারুঘাট থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন।
মামলায় মোট সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অপহরণের ঘটনা প্রমাণিত হওয়ায় তিন আসামিকে ১৪ বছর করে কারাদণ্ড প্রদান করেন।
তবে মামলায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানান পেশকার জিয়াউল হক।
