সাভারে শিক্ষকের গলা চেপে ধরার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
“আমার শিক্ষকতা চাকরির আছে আর কিছুদিন, এর মধ্যে আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না।”
পড়ালেখার মান খারাপ হওয়ার অভিযোগ তুলে সাভারের মুশুরীখোলা শামসুল হক উচ্চ বিদ্যালয়ের এক জ্যেষ্ঠ সহকারী শিক্ষককে প্রকাশ্যে গলা চেপে ধরার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে।
লাঞ্ছিত ওই শিক্ষক ভাকুর্তা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কদম আলী ভূঁইয়ার এক সময়ের শিক্ষক ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিদ্যালয়ে বার্ষিক ধর্ম পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে শিক্ষকরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পূর্বের কোনো নোটিশ ছাড়াই প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির সভাপতি মো. আকবর হোসেন অভিভাবকদের নিয়ে একটি বৈঠকে শিক্ষকদের ডেকে পাঠান।
সেখানে উপস্থিত হলে বিএনপি নেতা কদম আলী ভূঁইয়া শিক্ষকদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করেন এবং অভিযোগ করেন যে শিক্ষকরা ঠিকমতো ক্লাস করান না বলে শিক্ষার্থীদের ফলাফল খারাপ হচ্ছে।
ভুক্তভোগী শিক্ষক বলেন, “আমি এর প্রতিবাদ করায় তিনি আমাকেও বকাঝকা করে এবং গলা চেপে ধরে। আমি ৩১ বছর ধরে সুনামের সাথে এই বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছি। বিএনপি নেতা কদম আলী আমারও ছাত্র ছিল। কিন্তু সেই ছাত্রই আমার গলা চেপে ধরেছে।”
তিনি বলেন, এ ঘটনার পর লজ্জায় ও মানসিক চাপে তিনি দুই দিন বিদ্যালয়ে আসেননি। গলা ও ঘাড়ে সমস্যা দেখা দেওয়ায় তিনি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে তিনি ইতোমধ্যে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তাকে ফোন করা হচ্ছে, কিন্তু তিনি ভয়ে রিসিভ করছেন না বলে জানান।
এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ফজলুল হক আতঙ্ক প্রকাশ করে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তিনি বলেন, “আমার শিক্ষকতা চাকরির আছে আর কিছুদিন, এর মধ্যে আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না।”
তবে ঘটনার বর্ণনা দিয়ে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. আকবর হোসেন বলেন, “টেস্ট পরীক্ষার রেজাল্ট অনেকের খারাপ হয়েছে-এসব বিষয় নিয়ে অভিভাবকদেরসহ আমরা বসে ছিলাম। তখন স্থানীয় বিএনপি নেতা কদম আলী ভূঁইয়া উপস্থিত ছিলেন। শিক্ষকরা ভালোমতো পড়ালে ছাত্রদের রেজাল্ট খারাপ হতো না-এসব বিষয় নিয়ে কদম আলী কথা বলার এক পর্যায়ে শিক্ষকদের পক্ষ নিয়ে সিনিয়র সহকারী শিক্ষক মাহবুবুর রহমান প্রতিবাদ করেন।
“এর মধ্যেই দুজনে সামনাসামনি হয়ে যান। সামনাসামনি হলে একটু হাত লাগতেই পারে, ঘটনাটি হঠাৎ করেই হয়েছে; কোনো পরিকল্পিত কিছু ছিল না।" তিনি দাবি করেন, বিষয়টি সমঝোতার চেষ্টা করা হলেও ওই শিক্ষককে পাওয়া যায়নি এবং হাসপাতালে চিকিৎসা নেওয়ার মতো কোনো ঘটনা তার চোখে পড়েনি।”
অভিযোগ অস্বীকার করে ভাকুর্তা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কদম আলী ভূঁইয়া বলেছেন, “ওই স্কুলের কিছু শিক্ষক আওয়ামী লীগের দোষর। শিক্ষা ব্যবস্থার মান খুবই খারাপ। অভিভাবক মিটিংয়ে শিক্ষকরা ঠিকমতো পড়ালে লেখাপড়ার মান খারাপ হত না এসব কথা বলেছি। তবে কোনো শিক্ষককে আমি লাঞ্ছিত করিনি।”
তিনি স্বীকার করেন যে শিক্ষক মাহবুবুর রহমান তার শিক্ষক ছিলেন এবং বর্তমানে তার নিজের পরিবারের কেউ ওই বিদ্যালয়ে লেখাপড়া করে না।
এ বিষয়ে জানতে সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের মোবাইলফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। এমনকি হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠালেও তিনি জবাব দেননি।
