রেলে নিয়োগ দুর্নীতি: আরও তিন মামলায় সেই দুই কর্মকর্তার সাজা
এর আগে আরও তিনি মামলায় তাদের সাজা হয়েছে।
পূর্ব রেলের ট্রেন নম্বর টেকার, টুল কিপার ও টিকেট ইস্যুয়ার পদে নিয়োগ দুর্নীতির তিন মামলায় সাবেক দুই রেল কর্মকতা ইউসুফ আলী মৃধা ও গোলাম কিবরীয়ার সাজা হয়েছে।
মঙ্গলবার এসব মামলার রায় ঘোষণা করেন চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান।
দণ্ডিতরা হলেন—পূর্ব রেলের সাবেক জি এম ইউসুফ আলী মৃধা ও সাবেক সোশাল ওয়েলারফেয়ার অফিসার গোলাম কিবরীয়া।
দুদকের পিপি রেজাউল করিম রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনটি মামলাতেই রেলের সাবেক কর্মকর্তা গোলাম কিবরীয়াকে তিন বছর করে এবং সাবেক জিএম ইউসুফ আলী মৃধাকে দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
“আসামিদের মধ্যে গোলাম কিবরীয়া কারাগারে আছেন। আর ইউসুফ আলী মৃধা পলাতক।”
এর আগে রোববার রেলে নিয়োগ দুর্নীতির একটি মামলায় এবং সোমবার আরও দুই মামলায় রেলওয়ের সাবেক এই দুই কর্মকর্তার সাজা হয়েছিল।
মামলার বিবরণ অনুযায়ী, পূর্ব রেলের ট্রেন নাম্বার টেকারের ৩১টি শূন্য পদে সাড়ে ৬ হাজার আবেদন জমা পড়ে। এর মধ্যে ৩ হাজার ৭৪ জন পরীক্ষায় অংশ নেন, যাদের মধ্যে ৬১ জনকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হয়।
এর মধ্যে ১০ জন প্রার্থীর লিখিত পরীক্ষার খাতা ঘষামাজা করে প্রাপ্ত নম্বরের চেয়ে বেশি নম্বর দিয়ে টেবুলেশন শিট প্রস্তুত করে মৌখিক পরীক্ষার জন্য সরবরাহ করা হয়। এছাড়া জেলা কোটাও ঠিকমত অনুসরণ করা হয়নি।
দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক নাজিম উদ্দিন বাদী হয়ে ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি মামলাটি করেন। ২০১৪ সালের ১০ জুন বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
এছাড়া পূর্ব রেলের টুল কিপারের ৮টি শূন্য পদে নিয়োগের জন্য ৪০৫ জন আবেদন করেন। লিখিত পরীক্ষায় অংশ নেন ২৩০ জন। আর উত্তীর্ণ হন ১৬ জন।
এক্ষেত্রেও লিখিত পরীক্ষার নম্বর ঘষামাজা এবং নিজে টেবুলেশন শিট তৈরি করে সরবরাহের অভিযোগ করা হয় গোলাম কিবরীয়ার বিরুদ্ধে। এছাড়া লিখিত পরীক্ষায় ফেল করা প্রার্থীকে নিয়োগ দেয়ারও অভিযোগ করা হয় মামলায়।
এ ঘটনায় ২০১২ সালের ১৩ অগাস্ট দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন।
তদন্ত শেষে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয় ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর। পরে আদালতে অভিযোগ গঠন করা হয়।
তৃতীয় মামলাটিতে পূর্ব রেলের টিকেট ইস্যুয়ারের তিনটি শূন্য পদে নিয়োগের বিষয়ে। ওই পদে ৪১১ জন আবেদন করেন। লিখিত পরীক্ষায় অংশ নেন ২৩১ জন। উত্তীর্ণ হন ৭ জন।
পরীক্ষার খাতা ঘষামাজা ও টেবুলেশন শিট তৈরি করে ফেল করা প্রার্থীকে নিয়োগ দেওয়ার অভিযোগ করা হয় মামলায়।
এ ঘটনায় ২০১২ সালের ১৩ অগাস্ট দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন।
পরে ২০১৪ সালের ১৭ জুন আদালতে অভিযোগ গঠন করা হয়।
