১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

এইচএসসির সম্পূরক পরীক্ষা: ব্যবহারিকে অকৃতকার্য হলে লিখিতও দিতে হবে?

কেবল ব্যবহারিক পরীক্ষায় ফেল করেছেন বা অনুপস্থিত ছিলেন, ঢাকা বোর্ডেই এমন পরীক্ষার্থী সংখ্যা দুই হাজারের মতো।

রূপক নকরেক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 10:42 PM

Updated : 12 Nov 2026, 10:42 PM

এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের জন্য যে সম্পূরক পরীক্ষা হতে যাচ্ছে, সেটির মূল্যায়নে আগের ব্যবহারিক নম্বরই বহাল থাকবে। ফলে তাদের নতুন করে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের দরকার নেই।

তবে যারা আগের ব্যবহারিক পরীক্ষায় অনুপস্থিত ছিলেন বা অকৃতকার্য হয়েছেন, তাদের এখন ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। কিন্তু তাদের লিখিত পরীক্ষায় (তত্ত্বীয় ও বহুনির্বাচনি) অংশ নিতে হবে কি না তা স্পষ্ট করা হয়নি নতুন পরীক্ষার নির্দেশনায়।

উচ্চ মাধ্যমিকে এক বা দুই বিষয়ে যারা অকৃতকার্য হয়েছেন, তাদের জন্য এবারই প্রথম সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা হতে যাচ্ছে। আগামী ১-১৫ ডিসেম্বর অনুষ্ঠেয় এ পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার। এতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

এদিন বিকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের কাছে প্রশ্ন রাখা হয়, কেবল লিখিত পরীক্ষায় ফেল করলে লিখিত পরীক্ষা দিতে হবে, ব্যবহারিক দেওয়ার দরকার নেই বলে সময়সূচির নির্দেশনায় বলা হয়েছে। কিন্তু কেউ যদি কেবল ব্যবহারিক পরীক্ষায় ফেল করেন, তাকে কি কেবল ব্যবহারিক পরীক্ষায় দিতে হবে, নাকি লিখিতও দিতে হবে?

জবাবে অধ্যাপক আক্তারুজ্জামান বলেন, “এই বিষয়টা জটিল মনে হচ্ছে। এইভাবে তো ভেবে দেখিনি।”

ঢাকা শিক্ষা বোর্ডের এ চেয়ারম্যান তখন বলেন, “বিষয়টি নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ভালো বলতে পারবেন।”

এরপর ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সঙ্গে যোগাযোগ করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওখানে (নির্দেশনায়) দেওয়াই তো আছে যে, যারা ব্যবহারিক পরীক্ষায় অনুপস্থিত ছিল, অথবা ব্যবহারিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছে—তাদের রোল নম্বর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চলে গেছে। তারা ওখান থেকে ফর্ম ফিলাপ করবে এবং যারা শুধু ব্যবহারিকে ফেল করেছে, তারা ব্যবহারিক পরীক্ষা দেবে।

“এবং তাদের সাথে অনেকে আছে যে, লিখিত পরীক্ষায় তারা অংশগ্রহণ করেছে, কিন্তু ব্যবহারিকে অনুপস্থিত ছিল—সেক্ষেত্রে তাদেরও একটা সুযোগ দেওয়া হয়েছে। আমরা শিক্ষার্থীদের সর্বোচ্চ পক্ষে আছি এবং শিক্ষার্থীদের স্বার্থে যেটা ভালো, সেই ব্যবস্থাই করেছি।”

তখন তার কাছে প্রশ্ন রাখা হয়, যে শিক্ষার্থী কেবল ব্যবহারিকে ফেল করেছেন, তাকে কি কেবল ব্যবহারিক পরীক্ষা দিতে হবে, নাকি লিখিত পরীক্ষাতেও অংশ নিতে হবে?

জবাবে অধ্যাপক জেসমিন তাসলিমা বলেন, “এমন অনেক স্টুডেন্ট আছে, যারা ব্যবহারিক পরীক্ষা শুধু না, তারা রিটেন এবং ব্যবহারিক দুটোই দিয়েছে; কিন্তু ব্যবহারিকে ফেল করেছে, রিটেনে পাস করেছে, তারা তো শুধু ব্যবহারিক পরীক্ষা দেবে।

“এমন অনেক স্টুডেন্ট আছে, যারা তত্ত্বীয় অর্থাৎ লিখিত পরীক্ষা দিয়েছে; কিন্তু ব্যবহারিক পরীক্ষায় অনুপস্থিত ছিল বিভিন্ন কারণে। যেমন অনেকে আমাদেরকে জানিয়েছে, ওই সময় সে অসুস্থ হয়ে পড়েছিল; অনেকে আছে যে অ্যাক্সিডেন্ট করেছিল, হাসপাতালে ছিল। অনেকে বলেছে, ‘আমার মা মারা গেছেন’, হ্যাঁ এরকম।

“তারা ব্যবহারিক পরীক্ষাটায় ওই সময় অংশগ্রহণ করতে পারেনি। তো এরকম অনুপস্থিত যারা ছিল, বিভিন্ন কারণে তারা ফর্ম ফিলাপ করতে পারবে, ব্যবহারিক পরীক্ষা দিতে পারবে।”

তার মানে তো তাদেরকে আর লিখিত পরীক্ষা দিতে হবে না, এ প্রশ্নের উত্তরে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘না, না’। তাদের কেবল ব্যবহারিক পরীক্ষা দিলেই চলবে।

অধ্যাপক জেসমিন তাসলিমা বানু জানান, কেবল ব্যবহারিক পরীক্ষায় ফেল করেছেন বা অনুপস্থিত ছিলেন, ঢাকা বোর্ডেই এমন পরীক্ষার্থী সংখ্যা দুই হাজারের মতো।

পরীক্ষার নির্দেশনায় বলা হয়েছে, ব্যবহারিক পরীক্ষার্থীকে নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ, সময় ও স্থান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষের কাছ থেকে জেনে নিতে হবে। সংশ্লিষ্টদের ১৫ ডিসেম্বরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নিয়ে নম্বর অনলাইনে এন্ট্রি দিতে বলা হয়েছে।

আর লিখিত পরীক্ষার বিষয়ে সূচিতে বলা হয়, প্রতিটি বিষয়ের পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে হবে সংশ্লিষ্ট বিষয়ের প্রথমপত্রের পরীক্ষা, চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর দ্বিতীয় শিফটে হবে দ্বিতীয়পত্রের পরীক্ষা, চলবে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেদিনই শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছিলেন, এক বা দুই বিষয়ে যারা অকৃতকার্য হয়েছেন, তাদের পুনঃপরীক্ষা এক মাসের মধ্যে নেওয়া হবে। সেই অনুযায়ী এমন শিক্ষার্থীরা ৫ থেকে ৯ নভেম্বর অনলাইনে আবেদনের সুযোগ পেয়েছিলেন।

সার্বিকভাবে সারাদেশে সম্পূরক পরীক্ষার্থীর সংখ্যা কত তা জানাতে পারেননি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

পুরনো খবর:

এইচএসসির সম্পূরক পরীক্ষার সময়সূচি প্রকাশ