এইচএসসির পুনর্মূল্যায়নেও ফেল, সম্পূরক পরীক্ষার সুযোগ আছে?
সোমবার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তরপত্র পুনর্মূল্যায়নের পরও যারা এক বা দুই বিষয়ে ফেল করেছেন, তাদের কি আর সম্পূরক পরীক্ষা দেওয়ার সুযোগ আছে?
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলছেন, “দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীর ক্ষেত্রে যারা উত্তরপত্র পুনর্মূল্যায়নের পরও কৃতকার্য হয়নি, তারা আবার সম্পূরক পরীক্ষায় বসতে পারবে।”
উচ্চ মাধ্যমিকে এক বা দুই বিষয়ে যারা অকৃতকার্য হয়েছেন, তাদের জন্য এবারই প্রথম সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা হতে যাচ্ছে। আগামী ১-১৫ ডিসেম্বর অনুষ্ঠেয় এ পরীক্ষার জন্য আবেদনের সময় ১৯ নভেম্বর শেষ হয়েছে।
অধ্যাপক আক্তারুজ্জামান মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুধুমাত্র তারাই বসবে, যারা সম্পূরক পরীক্ষার জন্য পূর্বেই আবেদন করেছেন।
“কেউ যদি আবেদন না করে থাকে তার পরীক্ষায় বসার সুযোগ আর নেই।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের মধ্যে যারা পুনর্মূল্যায়নে পাস করেছেন, তাদের আর সম্পূরক পরীক্ষা দেওয়ার সুযোগ নেই।
উত্তরপত্র পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফলাফল সোমবার প্রকাশ করা হয়েছে। এবার ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্মূল্যায়নে আবেদন করেছিলেন। তাদের মধ্যে ২৩ হাজার ১৪৫ জনের ফল পরিবর্তন হয়েছে।
পুনর্মূল্যায়নে নতুন করে জিপিএ ৫ পেয়েছেন ১৬২০ জন শিক্ষার্থী। আর ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন।
