০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ঢাবিতে ভর্তি পরীক্ষার ‘সুযোগ পাবেন না’ এক-দুই বিষয়ে অকৃতকার্যরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ অনুষদের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর শুরু হয়ে ২৬ ডিসেম্বরের মধ্যে শেষ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 12:45 AM

Updated : 04 Nov 2026, 12:45 AM

এইচএসসি বা সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার যে সুযোগ দেওয়া হয়েছে, সেটা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কাজে লাগাতে পারবেন না।

কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম।

তিনি বলেছেন, “আমাদের ভর্তি পরীক্ষা যথাসময়ে হবে। যেসব শিক্ষার্থী ফলাফল চ্যালেঞ্জ করবে, তারাও ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। আর এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আমাদের পরীক্ষা বিলম্ব করার সুযোগ নেই। আমরা নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা শেষ করব।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের পাঁচ অনুষদের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর শুরু হয়ে ২৬ ডিসেম্বরের মধ্যে শেষ হবে।

এদিকে এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা নেওয়ার বিষয়ে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদেরকে মন্ত্রী (শিক্ষামন্ত্রী) ডিসেম্বরের ২ তারিখ থেকে ৩১ তারিখের মধ্যে পরীক্ষা নিয়ে ফল ঘোষণা করতে বলেছেন। আশা করি, এ সময়ের মধ্যে হয়ে যাবে।”

ফলে বলাই যায়, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দিয়ে ফলাফল আসার আগেই শেষ হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।

তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ গত শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভর্তি উপ-কমিটি আমরা ২ তারিখে বসব। আমরা বসে প্রাথমিকভাবে একটা আলোচনা করব, কত ক্রাইটেরিয়া সেটআপ করা যায় এবং যারা দুই বিষয়ে ফেল করছে, তাদের যে সুযোগটা দেওয়া হবে…দুই-এক বিষয়ে ফেল করার সংখ্যা কী পরিমাণ, একটা ডেটা আমাদেরকে সংগ্রহ করতে হবে। ওদের তো পিছিয়ে রাখা যাবে না।