২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতায় ‘অর্থায়ন’: আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার

সাবেক এমপি আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের ‘ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করার অভিযোগ’ রয়েছে তার বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 02:40 PM

Updated : 24 Nov 2026, 02:40 PM

নাশকতায় ‘অর্থায়নের’ অভিযোগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য কে.এস.এম. মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা ক্লাবের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ডিবি রমনা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ জানিয়েছেন

তিনি বলেন, "আমাদের কাছে একটি রিক্যুজিশন ছিল, এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।"

বগুড়ার সোনাতলা উপজেলার বাসীনাদা মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের ঘটনা সংক্রান্ত তিনটি মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ।

গোয়েন্দা পুলিশ বলছে, ‘আওয়ামী লীগের চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়ন’ এবং সাবেক সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের ‘ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করার অভিযোগ’ রয়েছে তার বিরুদ্ধে।

মোস্তাফিজুর রহমান এবং তার প্রতিষ্ঠান 'ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের' বিরুদ্ধেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কথাও বলছে পুলিশ। পাশাপাশি বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, অর্থ পাচার এবং চীন থেকে অবৈধ অর্থায়ন গ্রহণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।