১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

গভীর রাতে উত্তরায় পাসপোর্ট অফিসের ফটকে আগুন দিল দুজন

ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 12:23 PM

Updated : 17 Nov 2026, 12:23 PM

ঢাকার উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসের ফটকে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।

সোমবার রাত ১টার দিকে দুই ব্যক্তি মুখে মাস্ক পরে এসে আগুন দেয় বলে তুরাগ থানার ওসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, “পাসপোর্ট অফিসের বাইরে স্টিলের গেইটে আগুন দিয়েছিল। স্টিলের গেইটের আগুনতো, তাই সাথে সাথে নিজে নিজেই নিভে গেছে।”

এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্লোজড সার্কিট ক্যামেরা থেকে ভিডিও সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে বলে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “রাত ১ টা ৩ মিনিটে দুজন এসে গেইটে আগুন দিয়ে চলে গেছে। ওখানকার নিরাপত্তায় আনসার যারা ছিল, তারাও কিছু জানে না।”

ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।