মানিকগঞ্জে উপজেলা ভূমি অফিসের ফটকে গভীর রাতে আগুন
ইউএনও বলেন, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা ভূমি অফিসের ফটকে আগুন দেওয়া হয়েছে।
শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।
তিনি বলেন, আগুন প্রায় এক মিনিট জ্বলেছিল। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, ভূমি অফিসের ফটকের সামনে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা নিভে যায়। নিরাপত্তাকর্মী তাৎক্ষণিকভাবে বিষয়টি তাকে জানান।
দৌলতপুর থানার ওসি স্বপন কুমার সরকার বলেন, সাংবাদিকের কাছ থেকে প্রথম আগুন লাগার বিষয়টি জানতে পারেন তারা। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাই সম্মিলিতভাবে কাজ করছেন।
