২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘টিপিক্যাল সেঞ্চুরিয়ন’, যেখানে থাকবে রান আর পেসারদের গান

সেঞ্চুরিয়নের উইকেট গতিময় ও বাউন্সি, তবে এখানে টিকে থাকতে পারলে রানও করা যায় অনেক।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

জোহানেসবার্গ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 11:09 PM

Updated : 22 Nov 2026, 11:09 PM

ম্যাচ উইকেটের পাশের উইকেট বেশ কিছুক্ষণ বোলিং অনুশীলন করলেন বাংলাদেশের তিন পেসার শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। তাসকিন আহমেদ সেখানে একটু ঢু মারলেও বোলিং করলেন না। ওই অনুশীলন পর্ব শেষে সবাই ফিরে গেলেন ড্রেসিং রুমে। একটু পর খালেদ একাই বেরিয়ে এগিয়ে গেলেন উইকেটের দিকে। কাছে গিয়ে ভালো করে দেখলেন উইকেট। বল ছাড়াই রান আপে গিয়ে বোলিং করার ভঙ্গি করলেন কয়েকবার।

ওই দৃশ্য থেকে ধরেই নেওয়া যায়, পরদিন এখানে বল হাতে ছুটে যাওয়াটাই কল্পনা করছিলেন বাংলাদেশের পেসার। তাতে মোটামুটি নিশ্চিত, সেঞ্চুরিয়ন টেস্টে তিনি খেলছেন। একাদশে ফেরার টেস্টে যে উইকেট তিনি পাচ্ছেন, তাতে খুশিই হওয়ার কথা তার।

শুধু খালেদ নন, সেঞ্চুরিয়নের উইকেট বন্ধুত্বের হাত বাড়ায় সব পেসারদের দিকেই। তবে সেই বন্ধুত্বের হাত আসলে দুই দিকেই বাড়ানো থাকে। পেসারদের জন্য যেমন সহায়তা থাকে, তেমনি স্কিল ও নিবেদন থাকলে এখানে রানও করা যায়, খেলা যায় বড় ইনিংস।

টেস্ট শুরুর আগের দিন সুপারস্পোর্ট পার্কের উইকেট দূর থেকে বেশ সবুজ মনে হয়েছে। তাজা ঘাসের অস্তিত্ব আছে যথেষ্টই। ম্যাচের সকালে ঘাস কিছু ছেঁটে দেওয়া হলেও উইকেট বেশ সবুজাভ থাকার কথা। গতি ও বাউন্স তো এখানে সবসময়ই থাকে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ ফিল সিমন্স খুব একটা ধারণা দিতে পারলেন না উইকেট সম্পর্কে, “আমি গতকাল কিছুটা দেখেছি (উইকেট)। আমরা যখন এসেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল এবং নেটে যাওয়ার আগে তারা কিছুক্ষণের জন্য উইকেটটি উন্মুক্ত করেছিল। আজকে আরও ভালোভাবে দেখব।”

এই সেঞ্চুরিয়নের সন্তান, এখানকার উইকেট যিনি হাতের তালুর মতোই চেনে, দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করামের কাছ থেকে জানা গেল উইকেট সম্পর্কে বিস্তারিত।

“এটাকে মোটামুটি ‘টিপিক্যাল’ সেঞ্চুরিয়ন উইকেট বলেই মনে হচ্ছে। সাধারণত, খেলাটা শুরুতে একটু ধীরগতির থাকে এবং খেলা যত এগোয়, এর গতি তত বাড়তে থাকে। এখানকার উইকেট তো বরাবরই গতি ও বাউন্সের জন্য পরিচিত, তবে এটি এমন একটি ভেন্যু হিসেবেও পরিচিত, যেখানে থিতু হতে পারলে বড় রান করা যায়।

“আজ সকালে আমি যা দেখলাম, তাতে এটাকে টিপিক্যাল সেঞ্চুরিয়নের উইকেট বলেই মনে হচ্ছে। ওয়ান্ডারার্স গত কয়েক বছরে কিছুটা বদলে গেছে, তাই বর্তমানে দুটোর তুলনা করা বেশ কঠিন। উইকেটটাকে সুপারস্পোর্ট পার্কের বরাবরের উইকেটের মতো বলেই মনে হচ্ছে।”

এই মাঠের সবশেষ টেস্টে অবশ্য ব্যাটসম্যানদের বড় রান বা তেমন কোনো বড় জুটি দেখা যায়নি। ব্যক্তিগত সর্বোচ্চ ৮৯ রানের ইনিংসটি ছিল মার্করামেরই। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের সেই লড়াইয়ে ম্যাচজুড়েই ছিল পেসারদের দাপট। চার ইনিংসে দলীয় রান তিনশ ছুঁয়েছিল একবার। দক্ষিণ আফ্রিকার সেই ইনিংসটিও শেষ হয়েছিল ৩০১ রানে। চতুর্থ ইনিংসে ১৫০ রান তাড়ায় এক পর্যায়ে ৯৯ রানে ৮ উইকেট হারিয়ে ফেলা প্রোটিয়ারা ম্যাচ জিতে যায় দশে নামা কাগিসো রাবাদার অপরাজিত ৩১ রানের ইনিংসে।

এর আগের ম্যাচটিতে অবশ্য ব্যাট-বলের সেই লড়াই দেখা গিয়েছিল। লোকেশ রাহুল সেঞ্চুরি করলেও ২৫৪ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। ডিন এলগারের ১৮৫ রানের ইনিংসে দক্ষিণ আফ্রিকা তোলে ৪০১ রান। দ্বিতীয় ইনিংসে ভিরাট কোহলির ৭৬ রানের পরও ভারতের ইনিংস শেষ হয় ১৩১ রানে। ইনিংস ব্যবধানের জয়ে প্রোটিয়াদের হয়ে ম্যাচে সাতটি করে উইকেট নেন রাবাদা ও নান্দ্রে বার্গার, চারটি নেন মার্কো ইয়ানসেন।

মাঠের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় সেরা বিশেষ স্পিনার আছেন কেবল একজনই। ১৩ উইকেট নিয়ে সেই স্পিনার পল হ্যারিস আছেন ১৩ নম্বরে। এখানে ১০ ম্যাচে ৫৯ উইকেট ডেল স্টেইনের, ৯ ম্যাচে তাকে ছুঁয়ে ফেলেছেন কাগিসো রাবাদা। এবার তাই এককভাবে শীর্ষে ওঠার হাতছানি তার সামনে।

তবে ব্যাটিংটা করতে জানলে এখানে যে রান করা যায়, সেটির প্রমাণও আছে পরিসংখ্যানে। ১৩ টেস্ট খেলে এখানে হাশিম আমলার ব্যাটিং গড় ৭৫.৩৩, সেঞ্চুরি করেছেন পাঁচটি। সমান সেঞ্চুরি করেছেন জ্যাক ক্যালিসও, ১৬ টেস্টে এই কিংবদন্তির গড় এখানে ৭০.৩৮। দক্ষিণ আফ্রিকার এখনকার দলের সেরা গড় যার, তিনি অবশ্য এই টেস্টে নেই। আট টেস্টে কোনো সেঞ্চুরি করতে না পারলেও টেম্বা বাভুমার গড় এখানে ৫০.৬৬।

এই গড়, এসব পরিসংখ্যা তাকিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা একটু প্রেরণা পেতে পারেন। কোনো আমলা বা ক্যালিস বাংলাদেশের নেই, তবে লড়াইয়ের তাড়না ও প্রতিজ্ঞা থাকলে তাদের মতো কিছু করা তো অসম্ভব নয়!