২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজ ডুবি

সব নৌযানকে আলফা অ্যাঙ্করেজের ওই এলাকা এড়িয়ে চলাচল ও নোঙর করতে বলেছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজ ডুবি

প্রতীকী ছবি: জেমিনাই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 10:30 PM

Updated : 22 Nov 2026, 10:30 PM

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সোডিয়াম কার্বনেট বোঝাই করার সময় একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

রোববার সকাল ৭টার দিকে আলফা অ্যাঙ্করেজে জাহাজটি ডুবে গেলেও ঘটনা জানা যায় রাতে।

এমভি বালাসুর-১ নামের এ লাইটার জাহাজে একটি মাদার ভেসেল থেকে শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ বোঝাই করা হচ্ছিল। সেসময় জাহাজটি কাত হয়ে সাগরে ডুবে যায়।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টার দিকে এ দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থল মার্কিং করে বয়া বসানো হয়েছে।

“সব নৌযানকে ওই এলাকা এড়িয়ে চলাচল ও নোঙর করতে বলা হয়েছে।”

চট্টগ্রাম বন্দরের ডক মাস্টার ক্যাপ্টেন আবু সুফিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বহির্নোঙরের আলফা অ্যাঙ্করেজের ওই স্থানে থাকা একটি মাদার ভেসেল থেকে লাইটার জাহাজ এমভি বালাসুর-১ জাহাজে সোডা অ্যাশ লোড করা হচ্ছিল।

“সেসময় লাইটারটি কাত হয়ে সাগরে ডুবে যায়। ঘটনার পরপর এলাকাটি চিহ্নিত করে বয়া বসানো হয়েছে। লাইটার জাহাজে থাকা লোকজনকে তখনই উদ্ধার করা হয়।”

তবে লাইটারটিতে কতজন ছিলেন সে বিষয়ে জানাতে পারেননি তিনি।