২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বিএনপি কার্যালয়সহ তিন স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ, আটক ১

গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 10:09 PM

Updated : 22 Nov 2026, 10:09 PM

ফরিদপুর সদর উপজেলার তিনটি স্থানে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।

এর মধ্যে রয়েছে বিএনপির কার্যালয়, গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয় ও একটি পরিত্যক্ত ভবন। এসব ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

২৪ ঘণ্টায় উপজেলার অম্বিকাপুর ও গেরদা ইউনিয়নে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান।

গেরদা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হোসেন বলেন, রোববার ভোররাতে বাখুন্ডা বাজারে গেরদা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুটি পেট্রোল বোমা ছোড়া হয়। এতে কার্যালয়ে আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

গেরদা ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান বলেন, বিএনপি কার্যালয়ের পাশাপাশি পাশের গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

এ ছাড়া সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের শোভারামপুর এলাকায় একটি পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়েও পেট্রোল বোমা ছোড়া হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, রাতের আঁধারে কয়েকজন ওই ভবনে পেট্রোল বোমা ছোড়ে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ওসি মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ প্রতিটি স্থান পরিদর্শন করেছে। এসব ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”