চাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ
জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
চাঁদপুর সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিল্লাল হোসেন সোহাগ বলেন, সিসিটিভি ভিডিও ও গ্রাম পুলিশ মোহাম্মদ আলীর সঙ্গে কথা বলে জানা গেছে, হেলমেট পরা একজন প্রথমে চেয়ারম্যানের কক্ষের জানালা ভাঙার চেষ্টা করে। পরে প্রশাসনিক কর্মকর্তার কক্ষের জানালা ভেঙে ভেতরে পেট্রোল বোমা ছোড়ে। এ সময় পাশের গ্রাম আদালত কক্ষের সামনেও আগুন দেয় ওই ব্যক্তি।
বিস্ফোরণ ও আগুনের শব্দ শুনে দায়িত্বে থাকা গ্রাম পুলিশ মোহাম্মদ আলী চিৎকার করেন। তার ডাক শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ওসি ফয়েজ আহমেদ বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
