১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কক্সবাজারে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ, ইউএনও কার্যালয়সহ বিভিন্ন স্থানে তালা

জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 03:45 PM

Updated : 10 Nov 2026, 03:45 PM

কক্সবাজারের বিভিন্ন এলাকায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে সরকারি কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা দেওয়ার ঘটনাও ঘটেছে।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার রামু, কক্সবাজার সদর, চকরিয়া ও টেকনাফের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার শামীম কবির।

রামু বাইপাস গেইটে চলন্ত একটি ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়া হয়। এ ছাড়া কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদের ফটক ও ওই এলাকার গ্রামীণ ব্যাংকের গেইটে, চকরিয়ার কৈয়ারবিল এবং টেকনাফের শাপলা চত্বরসহ বিভিন্ন স্থানে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়া হয়।

এসব ঘটনায় আতঙ্কিত হয়ে পথচারীরা ছোটাছুটি শুরু করেন। রাতভর বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও আগুন দেওয়ার ঘটনায় কক্সবাজার শহরে থাকা পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি।

অতিরিক্ত পুলিশ সুপার শামীম কবির বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। এ ধরনের ঘটনা ঠেকাতে পুলিশের মোবাইল টিম ও বিশেষ টহল দলের তৎপরতা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের প্রস্তুতি রয়েছে।

এদিকে, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ফটকে তালা লাগিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, দুই যুবক ফটকে তালা লাগিয়ে একটি ব্যানার টাঙাচ্ছেন। তাদের একজনের মাথায় হেলমেট এবং অন্যজনের মুখে মাস্ক ছিল। ব্যানারের নিচে লেখা ছিল ‘চকরিয়া পৌরসভা ছাত্রলীগ’।

একই রাতে চকরিয়ার চার-পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকেও তালা দেওয়া হয়। পরে কয়েকটি ফটকে ব্যানার টাঙানো হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, রাত দুইটার দিকে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও তার কার্যালয়ের ফটকের বাইরে তালা দেওয়া হয়। পরে পুলিশ, আনসার সদস্য ও স্থানীয়দের সহায়তায় তালাগুলো খুলে ফেলা হয়।

তিনি বলেন, “আমাদের কার্যালয়ের প্রধান ফটক রাতে ভেতর থেকে তালা দেওয়া থাকে। দুর্বৃত্তরা বাইরে থেকে আরেকটি তালা লাগিয়ে একটি ব্যানার টাঙিয়েছিল। পরে আমরা সেগুলো খুলে ফেলেছি।”

ইউএনও বলেন, চকরিয়ায় চার-পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা দেওয়ার তথ্য পেয়েছেন তিনি।

তালা দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চকরিয়া সিটি কলেজ, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় ও চকরিয়া শিক্ষা নিকেতন।

ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে শাহীন দেলোয়ার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। তদন্তে জড়িতদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রোববার রাতেও কক্সবাজারের অন্তত আটটি স্থানে পেট্রোল বোমা নিক্ষেপের খবর পাওয়া যায়। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো থানায় মামলা হয়নি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শামীম কবির।