২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

“নাইট গার্ড ও অন্যান্য নিরাপত্তাকর্মী সজাগ থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 05:24 PM

Updated : 29 Nov 2026, 05:26 PM

রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।

শনিবার রাত দেড়টার দিকে ভূগরোইল মোড় এলাকায় অবস্থিত কার্যালয়টিতে তিনটি পেট্রোল বোমা ছোড়া হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন বলেন, পবা শহরকেন্দ্রিক উপজেলা হওয়ায় এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সাম্প্রতিক সময়ে বিমানবন্দর ও পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এর ধারাবাহিকতায় উপজেলা ভূমি অফিসেও হামলা হয়েছে।

তিনি বলেন, “নিক্ষেপ করা তিনটি পেট্রোল বোমার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, বাকি দুটি বিস্ফোরিত হয়নি। নাইট গার্ড ও অন্যান্য নিরাপত্তাকর্মী সজাগ থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।”

সাম্প্রতিক সময়ে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় ধারাবাহিক হামলার প্রেক্ষিতে এই ঘটনায় নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় জেলার সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছে প্রশাসন।

ঘটনার খবর পেয়ে রোববার দুপুরে ক্ষতিগ্রস্ত পবা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এরপর তিনি পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রও ঘুরে দেখেন।

এ সময় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন এবং সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী তার সঙ্গে ছিলেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “পবা উপজেলা ভূমি অফিসের আগে পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রসহ আরও কিছু স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”

বিস্তারিত আসছে …