২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা হারানোর শঙ্কায় প্রতিদ্বন্দ্বী আইজেনকোটকে ঐক্যের আহ্বান নেতানিয়াহুর

নেতানিয়াহু তার প্রস্তাবে পালাক্রমে নেতৃত্ব দেওয়ার কথা বলেছেন। এ ক্ষেত্রে নিজে দ্বিতীয় দফায় ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছেন তিনি।

ক্ষমতা হারানোর শঙ্কায় প্রতিদ্বন্দ্বী আইজেনকোটকে ঐক্যের আহ্বান নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 05:28 PM

Updated : 29 Nov 2026, 05:28 PM

প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটবে ঐক্যের আহ্বান জানিয়েছেন ক্ষমতা হারানোর শঙ্কায় থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেছেন, আইজেনকোটের নেতৃত্বে প্রথম দফায় জাতীয় ঐক্য সরকার হলে তিনি সাময়িকভাবে ক্ষমতা ছাড়তেও রাজি আছেন।

রয়টার্স লিখেছে, নেতানিয়াহুকে সরিয়ে সাবেক সেনাপ্রধান আইজেনকোট জোট সরকার গড়ার কাছাকাছি পৌঁছে গেছেন, সর্বশেষ ঘটনা সেটারই ইঙ্গিত দিচ্ছে।

সম্ভাব্য শরিকদের সমর্থন পেয়ে আইজেনকোট জোট সরকার গড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। আর এ সম্ভাবনার ফলে আরও চাপের মধ্যে পড়ে গেছেন নেতানিয়াহু।

ইসরায়েলে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা এই প্রধানমন্ত্রী তার প্রস্তাবে নিজের দল লিকুদ পার্টি ও আইজেনকোটের দল ইয়াশার মধ্যে যে জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছেন, তাতে পালাক্রমে নেতৃত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে দ্বিতীয় দফায় ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে আইজেনকোট বা নেতানিয়াহু, কারও পক্ষেই সরকার গড়ার মতো আসন অর্জন করা সম্ভব হয়নি।

এরপর নতুন সরকার গড়ার দায়িত্ব পান আইজেনকোট। সরকার গঠনের জন্য তার হাতে ৬ ডিসেম্বর পর্যন্ত সময় আছে, প্রয়োজনে এই সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।

চলতি সপ্তাহে বামপন্থি ‘দ্য ডেমোক্র্যাটস’ এবং ডানপন্থি ‘ইসরায়েল বেইতেনুর’ সঙ্গে জোট করেছেন আইজেনকোট। এসব দলের সমর্থন তাকে সংখ্যাগরিষ্ঠতার আরও কাছাকাছি নিয়ে যেতে পারে।

এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ইসরায়েল সরকারের নেতৃত্ব তারই দেওয়া উচিত। তবে ‘অস্তিত্বের সংকট বেশ বড়’ এবং ‘এই বিপদ সামলাতে অক্ষম একটি সরকার’ গঠনের আশঙ্কা দেখা দেওয়ায় নেতা হিসেবে তার দায়িত্ব হল, সবকিছু পেছনে ফেলে এগিয়ে আসা।

জবাবে আইজেনকোট এক বিবৃতিতে বলেন, কয়েক সপ্তাহ ধরে তার দল ইয়াশারের আলোচকরা নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে ‘বাস্তব, আন্তরিক ও দ্রুতগতির আলোচনা’ চালানোর চেষ্টা করলেও লিকুদ তা এড়িয়ে গেছে এবং সাড়া দেয়নি।