২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রামে হামলা, অগ্নিসংযোগ ইহুদি সন্ত্রাসবাদ: আইজেনকোট

ইসরায়েলের সরকার ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোকে এসব সহিংস বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রামে হামলা, অগ্নিসংযোগ ইহুদি সন্ত্রাসবাদ: আইজেনকোট

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 04:45 PM

Updated : 22 Nov 2026, 04:45 PM

পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রামগুলোতে রাতভর ইহুদি বসতিস্থাপনকারীদের ধারাবাহিক হামলা, অগ্নিসংযোগের ঘটনাগুলোকে ‘যেকোনো বিচারেই ইহুদি সন্ত্রাসবাদ’ অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন ইসরায়েলের জোট সরকার গঠনের প্রক্রিয়ার নেতৃত্বে থাকা ইয়াশর পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট।

তিনি ইসরায়েলের সরকার ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোকে সহিংস এসব বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদনগুলোর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শনিবার রাতে পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রাম দেইর আল-সুদানে বেশ কয়েকটি গাড়ি ও বাড়িতে অগ্নিসংযোগ করে ইহুদি বসতিস্থাপনকারীরা। তারা নিকটবর্তী গ্রাম দেইর আবু মাশা’আল ও কাফর মালিকেও কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদি বসতিস্থাপনকারীদের সহিংসতার প্রায় দৈনিক খবরের মধ্যেই এসব ঘটনা ঘটে।

এক্সে এক পোস্টে আইজেনকোট লিখেন, “চরমপন্থি গোষ্ঠীগুলো যানবাহন ও বাড়িগুলোতে আগুন লাগিয়ে যে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে তা আঞ্চলিক স্থিতিশীলতাকে দুর্বল করে, জীবনকে বিপন্ন করে এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।”

তিনি অভিযোগ করে বলেন, ‘এই বাস্তবাত অনিবার্য নয়’, বরং এটি খারাপ নেতৃত্বের পরিণতি, বিশেষত (ইসরায়েলের) অতি ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের নেতৃত্বের ফল।

আইজেনকোট এই দুই মন্ত্রীর বিরুদ্ধে পশ্চিম তীরকে ‘অনিয়ন্ত্রিত নৈরাজ্যের দ্বারপ্রান্তে’ নিয়ে যাওয়ার অভিযোগ এনেছেন।

তিনি অপরাধীদের থামাতে তাদের বিরুদ্ধে প্রশাসনিক আটক ও ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সুনির্দিষ্ট অভিযানসহ সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

গত মাসে অনুষ্ঠিত ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন আইজেনকোট। নির্বাচনে নেতানিয়াহু বা আইজেকোট, কারও নেতৃত্বাধীন জোটই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

নির্বাচনী ফলাফলে নেতানিয়াহুর জোট এগিয়ে থাকলেও আইজেনকোটের জোটও খুব একটা পিছিয়ে নেই। আইজেনকোট ও তার মিত্ররা, যাদের মধ্যে বি'ইয়াখাদ পার্টির প্রধান নাফতালি বেনেট, ইসরায়েল বেইতেনু দলের নেতা আভিগদোর লিবারম্যান এবং ডেমোক্র্যাটস নেতা ইয়াইর গোলানও রয়েছেন—সবাই নেতানিয়াহুর শাসনের অবসান ঘটানোর অঙ্গীকার নিয়ে প্রচারণা চালিয়েছিলেন আর তাকে ক্ষমতাচ্যুত করতে এখনও বদ্ধপরিকর।

কিন্তু নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় কীভাবে সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছানো যায়, তা নিয়ে তারা এখন বিভক্ত। বেনেট আইজেনকোটের নেতৃত্বে নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে একটি ঐক্য সরকার গঠনের পক্ষে, অন্যদিকে লিবারম্যান অতিরক্ষণশীল দলগুলোর সমর্থনপুষ্ট একটি সরকারকে অগ্রাধিকার দিচ্ছেন।

এই পরিস্থিতিতে আইজেনকোট লিকুদ পার্টিকে জোট গঠনের আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।