নেতানিয়াহুর ‘বর্ণবাদী’ প্রচারণার কঠোর নিন্দা আইজেনকোটের
“ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন দেশের সব নাগরিকের প্রধানমন্ত্রী, এমনকি যারা তাকে ভোট দেয়নি তাদেরও।”
ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘বর্ণবাদী’ প্রচারণার কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী হতে চলা গাদি আইজেনকোট।
তিনি বলেছেন, নেতানিয়াহু নির্বাচনের সময় ইসরায়েলি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচারণা চালিয়েছেন।
আল জাজিরা লিখেছে, ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকোট শুক্রবার দেশটির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন।
আইজেনকোট এক্স পোস্টে বলেছেন, “ইসরায়েলের আরব নাগরিক, যারা দেশের মোট জনসংখ্যার ২১ শতাংশের বেশি। অথচ নির্বাচনি প্রচার শুরুর প্রথম থেকেই তারা বর্ণবাদী ও সহিংস প্রচারণার শিকার হচ্ছেন। রাজনৈতিক স্বার্থে বিদায়ী প্রধানমন্ত্রী ও তার ঘনিষ্ঠরা তাদের বৈধতা অস্বীকার করার মতো উসকানি দিচ্ছেন।”
আইজেনকোট লিখেছেন, “ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন দেশের সব নাগরিকের প্রধানমন্ত্রী, এমনকি যারা তাকে ভোট দেয়নি তাদেরও।
“ইসরায়েলের আরব নাগরিকরা ইসরায়েলি ইতিহাসের অংশ। তাদের প্রান্তিক করে রাখা ও একটি গোষ্ঠী হিসেবে বদনাম করার চেষ্টা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড।”
ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আইজেনকোটের চারদলীয় জোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থি ও ধর্মীয় দলগুলোর জোট পায় ৫৩ আসন।
এছাড়া ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন লাভ করেছে।
নির্বাচনের ফল অনুযায়ী, ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন কোনো পক্ষই পায়নি।
ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে কারসাজির অভিযোগ তুলেছেন।
তবে সেসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং ইসরায়েলের নির্বাচন কর্তৃপক্ষও অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে।
ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবর রক্তক্ষয়ী হামলার পর গাজার হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে বর্ণনা করতে অস্বীকৃতি জানানোয় নেতানিয়াহু বারবার আরব নেতৃত্বাধীন দলগুলোর সমালোচনা করেছেন।
যদিও ইসরায়েলের রাজনৈতিক দলগুলোর সব নেতাই হামাসের নেতৃত্বাধীন হামলার নিন্দা জানিয়েছিলেন।
আইজেনকোট বলেন, “আরব দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে কেউ দ্বিমত পোষণ করতে পারেন। এমনকি তাদের কারও কারও প্রতি গভীর বিদ্বেষী মনোভাবও থাকতে পারে।
“কিন্তু একটি সম্পূর্ণ জনগোষ্ঠীকে অপবাদ দেওয়া যায় না, দেওয়া উচিত নয় এবং আমি তা হতে দেব না।”
আরব নেতৃত্বাধীন দলগুলো নেতানিয়াহুর বদলে আইজেনকোটকে প্রধানমন্ত্রী করার পক্ষে সমর্থন জানিয়েছে।
তবে আইজেনকোট ওই দলগুলোকে নিয়ে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। যদিও আরব দলগুলোকে সঙ্গে নিলে তার জোটের আসনসংখ্যা দাঁড়াত ৬৭টি।
অন্যদিকে অতি-কট্টর ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম এবং শাস পার্টির সমর্থন পেলে তার জোটের আসনসংখ্যা ঠিক ৬১টিতে পৌঁছবে, যা সরকার গঠনের ‘ম্যাজিক নম্বর’।
জরুরি সরকার গঠনের প্রচেষ্টা প্রসঙ্গে আইজেনকোট বলেন, যত দ্রুত সম্ভব সরকার গঠনের দায়িত্ব পালন করতে চান তিনি।
এ কাজ না করা ‘গুরুতর ভুল’ হবে বলেও মন্তব্য করেন তিনি।
নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া আইজেনকোটের হাতে নতুন সরকার গঠনের জন্য ছয় সপ্তাহ সময় রয়েছে।
