বিরোধীদের সঙ্গে সমঝোতা হয়েছে, ইসরায়েলের স্পিকারের নাম ঘোষণা করলেন আইজেনকোট
সরকার গঠনের জন্য আইজেনকোটকে আমন্ত্রণ জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে সরকার গঠনের জন্য তার হাতে ২৮ দিন সময় আছে।
ইসরায়েলের সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোট জানিয়েছেন, তিনি ও বিরোধী দলীয় অন্যান্য নেতারা—নাফতালি বেনেট, ইয়াইর গোলান, অ্যাভিগডোর লিবারম্যান এবং ইয়াইর লাপিদ—সরকার গঠন প্রক্রিয়ায় ২৬তম নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) গুরুত্বপূর্ণ পদগুলোর প্রার্থীদের নিয়ে সমঝোতায় পৌঁছেছেন।
এই সমঝোতা অনুযায়ী, সাবেক মন্ত্রী মাতান কাহানাকে নেসেটের স্পিকার পদে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর প্রচারে নেতৃত্ব দিয়েছিলেন আইজেনকোট। তাকেই দেশের পরবর্তী সরকার গঠনের প্রথম সুযোগ দেওয়া হয়েছে।
১২০ সদস্যের নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) নির্বাচিত দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ গত ৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব দেন।
সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে সরকার গঠনের জন্য তার হাতে ২৮ দিন সময় আছে। প্রয়োজনে আরও ১৪ দিন সময় তাকে দেওয়া হতে পারে।
এর মধ্যেই মঙ্গলবার আইজেনকোট বিরোধীদের সঙ্গে সমঝোতার কথা জানালেন।
এক্সে এক পোস্টে আইজেনকোট লিখেছেন, "আমি আমার সহযোগী, অর্থাৎ পরিবর্তন ও সংস্কারপন্থি দলগুলোর নেতা—নাফতালি বেনেট, ইয়াইর গোলান, অ্যাভিগডোর লিবারম্যান এবং ইয়াইর লাপিদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছি। সরকার গঠনের অন্তর্বর্তী সময়ে ২৬তম নেসেটের (পার্লামেন্টের) মূল পদগুলোতে কাকে কাকে বসানো হবে তা নিয়ে আমাদের মধ্যে এই চুক্তি হয়েছে।"
আইজেনকোট আরও জানান, চুক্তি অনুযায়ী রয় ফোকম্যানকে হাউজ কমিটির চেয়ারম্যান, সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যানকে পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান এবং লিরান আভিসার বেন-হোরিনকে অর্থ কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে।
তিনি বলেন, নেসেটের (পার্লামেন্টের) বিভিন্ন কমিটির গঠন বা সদস্য তালিকা কেমন হবে তা চলতি সপ্তাহে হাউজ কমিটির বৈঠকের মাধ্যমে আলোচনা করে চূড়ান্ত করা হবে। এরপর আগামী বুধবার তা নেসেটের সাধারণ অধিবেশনে চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে।
ইসরায়েলের আইনসভা ‘নেসেটের’ মোট আসনসংখ্যা ১২০। ইসরায়েলের নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন, যা একক ভাবে কোনও দল পায়নি।
নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন শাসকজোট ৫৩টি এবং সাবেক সেনাপ্রধান আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসনে জিতেছে। ১৯টি আসন পেয়েছে আরবীয় দলগুলি। ফলে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, আরব দলগুলোর সমর্থন না পেলে সরকার গঠন সম্ভব নয়।
আইজেনকট জানিয়েছিলেন, তিনি আরব দলগুলোর সঙ্গে হাত মেলাবেন না। ফলে জটিলতা বৃদ্ধি পায়। যদিও আরব নেতারা জানিয়েছেন, আগে আইজেনকোটকেই তারা সরকার গঠনের সুযোগ দেবেন। তাই তার নেতৃত্বাধীন জোটকে সমর্থন করেছেন।
নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি দলগুলোর উপর আরব নেতারা ক্ষুব্ধ। আরব দলগুলোর সমর্থন পাওয়ার কারণে আইজেনকটকে সরকার গড়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট।
