২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেসির লাল কার্ড প্রাপ্য ছিল’, দাবি প্রতিপক্ষ কোচের

মেজাজ হারিয়ে এমন কাণ্ড ঘটিয়ে আর্জেন্টাইন তারকা ‘ছাড় পাওয়ায়’ ক্ষুব্ধ কলম্বাস ক্রুর কোচ।

‘মেসির লাল কার্ড প্রাপ্য ছিল’, দাবি প্রতিপক্ষ কোচের

লিওনেল মেসি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 04:41 PM

Updated : 22 Nov 2026, 04:41 PM

ম্যাচে হঠাৎই যেন মেজাজ হারিয়ে ফেললেন লিওনেল মেসি, প্রতিপক্ষের গন্সালো তাপিয়ার মুখে মেরে বসলেন বল- এমন কাণ্ডের পরও তাকে লাল কার্ড না দেওয়ায় ক্ষেপেছেন কলম্বাস ক্রুর কোচ লরাঁ কোর্তোয়া। এই ফরাসি কোচের মতে, মেসিকে যে বহিষ্কার করা উচিত ছিল, তা ‘সবাই জানে।’

ফুটবলের মহাতারকা অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছেন এমএলএস কাপের প্লে-অফের প্রথম রাউন্ডে। বাংলাদেশ সময় রোববার সকালে অনুষ্ঠিত ম্যাচটি একদমই ভালো কাটেনি তার দল ইন্টার মায়ামির, ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে তারা।

প্রথমার্ধের যোগ করা সময়ে ওই কাণ্ড করে বসেন মেসি, তার দল তখন ১-০ গোলে পিছিয়ে।

তখন একটি থ্রোয়িং পায় ইন্টার মায়ামি এবং টাচলাইনে থ্রো করার জন্য বল হাতে নেন মেসি। কিন্তু তার সামনে খুব কাছে দাঁড়িয়ে পড়েন তাপিয়া, আর সঙ্গে সঙ্গে সরাসরি তার মুখে বল মারেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড।

পরিস্থিতি শান্ত করতে দুইজনকেই হলুদ কার্ড দেখান রেফারি। তাতে মাঠের পরিবেশ শান্ত হলেও, বিতর্ক থেমে নেই।

লাল কার্ড পেলে অন্তত একটি ম্যাচের জন্য নিষিদ্ধ হতেন মেসি।

ম্যাচের পর খুব স্বাভাবিকভাবে ঘটনাটি নিয়ে প্রশ্ন ছুটে যায় ক্রুর কোচ কোর্তোয়ার কাছে।

“সবাই জানে যে, ঘটনাটি হলুদ কার্ডের চেয়ে বেশি কিছু ছিল।”

মেজর লিগ সকারের কি ঘটনাটি পর্যালোচনা করা উচিত- এমন প্রশ্নে কোর্তোয়া ছোট করে বলেন, পুরো পরিস্থিতিটাই ‘দুঃখজনক।’

জোড়া গোল করা তাপিয়া অবশ্য ঘটনাটি নিয়ে বেশি কিছু বলতে চাইলেন না। নতুন করে উত্তাপও ছড়াতে চান না তিনি।

“এটা খেলার একটা অংশ। আমি জানি না সেটা লাল কার্ডের ঘটনা ছিল কিনা, তবে এটা বলার এখতিয়ার আমার নয়, রেফারির।”

ইন্টার মায়ামির কোচ ক্রিস্তিয়ান ‘কিলি’ গন্সালেসও একই সুরে মাঠের ঘটনা মাঠেই রেখে দিতে চাইলেন।

“পরিস্থিতিটা নিয়ে আমাকে ভাবতে হবে, কার্ড (লাল কার্ড দেওয়া বা না দেওয়ায় সেটা বদলাত না)।

“রেফারি হলুদ কার্ড দিয়েছে, এবং এটাই মূল কথা, আমরা রেফারিকে দোষ দিতে পারি না। কখনও তারা ভুল করে… আমাদের এটা মেনে নিতে হবে।”

প্লে-অফে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় বাছাই হিসেবে জায়গা পাওয়ায় ২০২৬ এমএলএস কাপজয়ী মায়ামি এখন প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়ার শঙ্কায় পড়ে গেছে।

প্লে-অফে আশা বাঁচিয়ে রাখতে আগামী শুক্রবার দ্বিতীয় ম্যাচে জিততেই হবে মেসিদের।