ইয়ামালকে ঢুঁশ মেরে ৪ ম্যাচ নিষিদ্ধ বের্নাল
খেলা থেমে থাকা অবস্থায় এমন কাণ্ড করায় আরও বড় শাস্তিও পেতে পারতেন ২৩ বছর বয়সী উরুগুয়ের এই মিডফিল্ডার।
বার্সেলোনার বিপক্ষে ভরাডুবি হওয়ার ম্যাচের একটি ঘটনায় বড় ধাক্কা খেল রেয়াল বেতিস। সেদিন লাল কার্ড পাওয়া দলটির মিডফিল্ডার ফাকুন্দো বের্নালকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করল রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
লা লিগায় গত শনিবার ওই ম্যাচে বেতিস ২-২ সমতা টানার খানিক পরই, একটি ফাউলের ঘটনাকে কেন্দ্র করে ঝামেলায় জড়ায় দুই দল। তারই এক ফাঁকে প্রথমে ইয়ামালের ঘাড়ে ধরে তাকে দুইবার মাথা দিয়ে আঘাত করেন বের্নাল। এতে ৫৪তম মিনিটে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
খেলা থেমে থাকা অবস্থায় প্রতিপক্ষকে আঘাত করার দায়ে দোষী প্রমাণিত হন বের্নাল। এমন কাণ্ডের জন্য আইন অনুযায়ী, দায়ী খেলোয়াড় চার থেকে ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। তাই অল্পতেই পার পেয়ে গেলেন ২৩ বছর বয়সী উরুগুয়ের এই মিডফিল্ডার।
ওই লাল কার্ডের ঘটনার আগে বের্নালকে ধাক্কা দিয়ে হলুদ কার্ড দেখেন ইয়ামাল। পরে আরও তিনটি গোল করে ৫-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই নিষেধাজ্ঞার ফলে লা লিগায় সেল্তা ভিগো, মালাগা, এলচে ও সেভিয়ার বিপক্ষে খেলতে পারবেন না বের্নাল।
লিগে ৯ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বেতিস। সমান ৯ ম্যাচে সবগুলো জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
