২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

চুল টেনে লাল কার্ড কিমিখের, ফের বায়ার্নের হোঁচট

বুন্ডেসলিগায় সবশেষ চার ম্যাচের তিনটিই ড্র করল বায়ার্ন মিউনিখ।

চুল টেনে লাল কার্ড কিমিখের, ফের বায়ার্নের হোঁচট

আলেকসান্দের রোসিং-লেলেসিতের (ডানে) চুল টেনে সরাসরি লাল কার্ড দেখেন ইয়োজুয়া কিমিখ (বাঁয়ে)। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 12:05 AM

Updated : 29 Nov 2026, 12:10 AM

ইয়োজুয়া কিমিখের এক মুহূর্তের বেপরোয়া আচরণ বায়ার্ন মিউনিখের জন্য কাল হয়ে দাঁড়াল। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন কম নিয়ে খেলে হামবুর্গের বিপক্ষে পয়েন্ট হারাল ভেসোঁ কম্পানির দল।

প্রতিপক্ষের মাঠে শনিবার বুন্ডেসলিগার ম্যাচটি গোলশূন্য ড্র করে শিরোপাধারীরা।

চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার লিলের মাঠে ২-১ গোলে হারে বায়ার্ন, মৌসুমে যেকোনো প্রতিযোগিতায় তাদের প্রথম হার সেটি।

ওই ধাক্কা সামলে ওঠার লড়াইয়ে ঘরোয়া লিগের ম্যাচে মাঠে নামে জার্মানির সফলতম দলটি। কিন্তু ৪৪তম মিনিটে বল ছাড়াই প্রতিপক্ষের আলেকসান্দের রোসিং-লেলেসিতের চুল টেনে ধরে সরাসরি লাল কার্ড দেখেন কিমিখ।

বাকি সময়ে ১০ জন নিয়ে খেলে কিছুই করতে পারেনি সফরকারীরা।

লিগে টানা দুটি এবং সবশেষ চার ম্যাচের তিনটিই ড্র করল বায়ার্ন। ১১ ম্যাচে ছয় জয় ও পাঁচ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা।

১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বরুশিয়া ডর্টমুন্ড।

১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে হামবুর্গ।