তথ্য যত ভয়ংকর হোক লুকাবে না সরকার: উপদেষ্টা তিতুমীর
তিনি বলেন, ব্যাংকিং খাত পুনর্গঠনে চার বছর মেয়াদি কর্মসূচি হাতে নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, তথ্য লুকিয়ে রেখে নয় বরং স্বচ্ছতার মাধ্যমে সংকট মোকাবিলা করতে চায় বর্তমান সরকার।
তিনি বলেন, “সমস্যার প্রকৃত আকার স্বীকার করা দরকার। তথ্য যত ভয়ংকর হোক তা কার্পেটের নিচে রাখা যাবে না, তথ্যকে প্রকাশ করতে হবে।
শনিবার ‘ব্যাংকিংয়ে নৈতিকতা: জবাবদিহিতা ও আস্থা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
রাজধানীর গুলশানে হোটেল আমারিতে এ বৈঠকে উপদেষ্টা বলেন, “আওয়ামী ফ্যাসিবাদী আমলে যেখানে খেলাপি ঋণ ১১ শতাংশ দেখানো হতো, বাস্তবে তা ছিল ৩৫ দশমিক ৭৩ শতাংশ, যা ২০২৫ সালের সেপ্টেম্বরে কমে ৩২ দশমিক ২ শতাংশে নেমে এসেছে। এছাড়া পূর্ববর্তী সরকারের আমলে বৈদেশিক ঋণ ৩২৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল এবং জিডিপির হিসাব ০ দশমিক ৭ থেকে ১ দশমিক ১৩ শতাংশ ওভারএস্টিমেট করা হয়েছিল।”
ব্যাংকিং খাত পুনর্গঠনে চার বছর মেয়াদি কর্মসূচি হাতে নেওয়ার কথা তুলে ধরে তিনি ব্যাংকিং খাতে আস্থা ফিরে এসেছে বলে দাবি করেন। বলেন, “আস্থা ফিরে এসেছে, এখন দৃশ্যমান উন্নতিতে যাবে, এখন দরকার জবাবদিহিতা।”
২৭ বছর পূর্তি উপলক্ষে সাপ্তাহিক সাময়িকী অর্থকণ্ঠ আয়োজিত এ গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক মোস্তফা কে. মুজেরী।
তিনি বলেন, “নৈতিক ব্যাংকিং সংস্কৃতি গড়ে তুলতে কেবল নতুন নিয়মকানুন জারি করাই যথেষ্ট নয়; বরং এর জন্য প্রাথমিক প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কৃতির আমূল পরিবর্তন। এক্ষেত্রে নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি এবং কর্মদক্ষতা মূল্যায়নের প্রক্রিয়ায় নৈতিক মানদণ্ডগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে।
“ব্যাংকগুলোতে কার্যকর ‘হুইসেল-ব্লোয়ার’ (অনিয়ম ফাঁসকারী) ব্যবস্থা থাকতে হবে, যাতে কর্মীরা কোনো ধরনের প্রতিশোধের ভয় ছাড়াই অসদাচরণ বা অনিয়মের তথ্য জানাতে পারেন।”
ব্যাংকগুলোকে শেয়ারহোল্ডার, আমানতকারী এবং গ্রাহকদের কাছে তাদের আর্থিক অবস্থা ও ঝুঁকি সম্পর্কিত নির্ভরযোগ্য এবং বোধগম্য তথ্য তুলে ধরা ও অনৈতিক আচরণের জন্য যথাযথ ও বিশ্বাসযোগ্য শাস্তিমূলক ব্যবস্থা রাখার ওপর জোর বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ।
সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী বর্তমান প্রেক্ষাপটে কিছু ব্যাংককে একীভূত করার বিষয়টি ভাবার কথা বলেন। ব্যাংক খাতের সমস্যা চিহ্নিত করা ও কর্মপরিকল্পনার তালিকা ছয় মাসের করার কথা বলেন।
প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, “দেশের দুই-তৃতীয়াংশ ব্যাংকের ওপর সাধারণ মানুষের কোনো আস্থা নেই এবং এই খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতার চরম অভাব রয়েছে। সুশাসনের অভাবে অধিকাংশ ব্যাংকের প্রতি সাধারণ আমানতকারীদের বিশ্বাস নষ্ট হয়ে গেছে।”
অর্থকণ্ঠের উপদেষ্টা সম্পাদক নাহিদুল খানের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন সাময়িকীর ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম, সিটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিহির কুমার রায়।
