২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাট বারে বিএনপিপন্থিদের জয়জয়কার, নেতৃত্বে শাহীন-মুকুল

শনিবার ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 11:33 PM

Updated : 28 Nov 2026, 11:33 PM

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল জয়লাভ করেছে।

এতে সভাপতি পদে শাহনুর রহমান শাহীন এবং সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী (মুকুল) নির্বাচিত হয়েছেন।

শনিবার ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান।

ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে শাহনুর রহমান শাহীন ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মোমিন ফকির পেয়েছেন ৯৪ ভোট। সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী (মুকুল) ১৩০ ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী মো. সামসুল ইসলাম পেয়েছেন ৯৩ ভোট।

সহসভাপতি পদে খায়রুল আহসান সাখিদার (জুয়েল) ১৩৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন; তার প্রতিদ্বন্দ্বী মো. মাহফুজুর রহমান হেলাল পেয়েছেন ৮৬ ভোট।

অর্থ সম্পাদক পদে মো. শহিদুল ইসলাম-০৩ ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন (প্রতিদ্বন্দ্বী মো. নাসিমুস সাকালাইন টিটো ১০১ ভোট), গ্রন্থাগার ও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. রুহুল আমিন ফারুক ১৩৭ ভোট (প্রতিদ্বন্দ্বী মো. মুনিকুজ্জামান হীরক ৮৬ ভোট) এবং আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নূর-ই আলম ছিদ্দিক ১৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন (প্রতিদ্বন্দ্বী মো. লুৎফর রহমান ৮২ ভোট)।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. হাসানুজ্জামান নান্নু এবং নিরীক্ষা সম্পাদক পদে মো. নাজমুল ইসলাম জনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত তিনজন হলেন- সাদত জামান প্রিন্স (১৭২ ভোট), মোছা. ইতি খাতুন (১৬৮ ভোট) এবং মো. মাহমুদ হাসান ফিরোজ (১৪৮ ভোট)। এই পদের অপর প্রার্থী মো. শওকত আলী পেয়েছেন ১১৫ ভোট।