২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ভাসানীর জীবন ও কর্ম মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তারা এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 11:12 PM

Updated : 28 Nov 2026, 11:12 PM

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ও রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তার জীবন ও সংগ্রামের ইতিহাস মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা ও গণসংগীত অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান।

ভাসানী চর্চা কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়ার সংগঠক আবদুন নূরের সভাপতিত্বে ও বিদ্যুৎ রায় বর্মনের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক এ এস এম কামাল উদ্দিন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ এবং বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটু।

সভায় বক্তারা বলেন, মওলানা ভাসানীর আদর্শ ও রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তার জীবন ও সংগ্রামের ইতিহাস মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। অথচ দেশের ইতিহাসে এই মহান নেতার অবদান যথাযথভাবে তুলে ধরা হয়নি।

ইতিহাসে ভাসানীকে প্রাপ্য মর্যাদায় প্রতিষ্ঠিত না করায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ভাসানী ছিলেন শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের নেতা। কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের মুক্তির জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার আদর্শ ধারণ করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।

পাশাপাশি বক্তারা অন্তর্বর্তী সরকারের আমলে করা ‘দেশবিরোধী চুক্তি’ বাতিলের দাবি জানান।

আলোচনা সভায় মওলানা ভাসানীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধনপাড়া গ্রামে জন্ম নেওয়া ভাসানী ১৯১৯ সালে ব্রিটিশবিরোধী অসহযোগ ও খেলাফত আন্দোলনে যোগ দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন।

১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে তিনি প্রথম সভাপতি নির্বাচিত হন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠন এবং ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনের পর ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এ ছাড়া ১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা বাঁধের প্রতিবাদে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চে নেতৃত্ব দেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সৈয়দ মোহাম্মদ জামাল, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, জহিরুল ইসলাম চৌধুরী, ইয়াকুব আলী ও শামীমা সিকদার দীনা।

আলোচনা সভা শেষে গণসংগীত পরিবেশিত হয়।