২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে গ্রামের স্কুলে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩০

সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর শুরু হওয়া মিয়ানমারের গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রায় এক লাখ মানুষ নিহত হয়েছেন।

মিয়ানমারে গ্রামের স্কুলে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩০

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলের সিনবাংওয়ে টাউনশিপের বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি গ্রামের স্কুলে সামরিক বাহিনীর বিমান হামলা চালায়। ছবি: মিয়ানমার নাউ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 11:01 PM

Updated : 28 Nov 2026, 11:01 PM

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি গ্রামের স্কুলে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে এক নবজাতক ও বেশ কিছু স্কুলশিশু রয়েছে বলে প্রত্যক্ষদর্শী ও সরকারবিরোধী জাতীয় ঐক্য সরকারের একজন মুখপাত্র শনিবার জানিয়েছেন।

২০১৭ সালে মিয়ানমার দেশটির সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে, জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত এ রায় দেওয়ার এক সপ্তাহ পর বৃহস্পতিবার এই বিমান হামলা চালানো হয়; যে হামলায় নির্বিচার হত্যার ঘটনা ঘটেছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

জাতীয় ঐক্য সরকার এবং মাগওয়ে অঞ্চলের অন্তর্বর্তীকালীন স্থানীয় প্রশাসন ও শাসনব্যবস্থার এক যৌথ বিবৃতির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল প্রায় ৩টার দিকে সিনবাংওয়ে টাউনশিপের একটি স্কুল ও মঠে হামলাটি হয়।

বিবৃতিতে বলা হয়েছে, এ হামলায় আকাশ থেকে ফেলা চারটি ৫০০ পাউন্ডের বোমা, ১২টি কামানের গোলা ও সাতটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে।

জাতীয় ঐক্য সরকারের মুখপাত্র নো পোন লাট এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করে জানিয়েছেন, বিমান হামলায় নারী ও শিশুসহ ২১ বেসামরিক এবং কামানের গোলায় ৯ বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোমা হামলার সময় ওই এলাকায় কোনো লড়াই চলছিল না আর বিদ্রোহী যোদ্ধারা মাঝেমধ্যে কেবল গ্রামটির ভেতর দিয়ে যাতায়াত করতো।

সামরিক বাহিনীপন্থি টেলিগ্রাম চ্যানেলগুলো দাবি করেছে, বিদ্রোহী বাহিনীগুলোর একটি জমায়েত ও সমাবর্তন অনুষ্ঠানকে লক্ষ্যস্থল করে বিমানটি হামলাটি চালানো হয়। তবে মিয়ানমারের সামরিক বাহিনীর পক্ষ থেকে শনিবার বিকাল পর্যন্ত এ হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

মিয়ানমারের সরকারও এ হামলার বিষয় রয়টার্সের জানানো মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

জাতীয় ঐক্য সরকার এবং স্থানীয় অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ এই ঘটনাকে ‘বিনা উসকানিতে চালানো হামলা’ বলে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছে আর বলেছে, “এটি একটি যুদ্ধাপরাধ ও জেনেভা কনভেনশনের লঙ্ঘন।”

তাদের বিবৃতিতে বলা হয়েছে, ভবিষ্যতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় ব্যবহারের জন্য তারা এই ঘটনার প্রমাণ সংগ্রহ করছে।

এই বিবৃতিতে জাতিসংঘ, আসিয়ান এবং প্রতিবেশী দেশগুলোর প্রতি মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে উড়োজাহাজের জ্বালানি, গোলাবারুদ এবং ড্রোন প্রযুক্তির সরবরাহ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

জাতীয় ঐক্য সরকারের সংরক্ষিত নথি অনুযায়ী, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবরের শেষ পর্যন্ত মিয়ানমারের সামরিক বাহিনী ৬৬৫৩টি পৃথক ঘটনায় ১৫৩২৭টি বিমান হামলা চালিয়েছে আর এর ফলে ৬৪৬৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৫৬২টি স্কুল ও ৮৪৮টি ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর শুরু হওয়া মিয়ানমারের গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রায় এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

তবে বার্তা সংস্থা রয়টার্স হতাহতের এই সংখ্যা বা হামলার বিবরণ স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।