ইরানি হুমকির মুখে আরেক ‘ব্রিটিশ ঘাঁটি থেকে সামরিক বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র’
গত মাসে যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে তাদের বোমারু বিমানগুলো সরিয়ে নিয়েছিল মার্কিন বিমান বাহিনী।
ইরানি হুমকির মুখে ব্রিটেনের দ্বিতীয় আরেকটি বিমান ঘাঁটি থেকে নিজেদের সামরিক বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র, জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের রাজকীয় বিমান বাহিনীর মিলডেনহল ঘাঁটি ঘিরে যে হুমকি রয়েছে, সেটি সাধারণ কোন হুমকি নাকি সুনির্দিষ্ট, তা নিয়ে মার্কিন কর্মকর্তারা আলোচনা করছেন।
প্রতিবেদনটিতে ফ্লাইট ট্র্যাকিং ডেটা ও কর্মকর্তাদের সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সোমবার স্থানীয় সময় সকালে এই ঘাঁটিটি থেকে দুটি রিফুয়েলিং ট্যাংকার বিমান জার্মানিতে সরিয়ে নেওয়া হয়। দিনের বাকি সময়ে অন্যান্য ট্যাংকার ও সামরিক বিমানগুলোকে জার্মানি ও অন্যান্য ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।
মার্কিন বিমান বাহিনী বলেছে, “বিভিন্ন কারণে বিমানগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়।”
এর বাইরে দেশটির পক্ষ থেকে আর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, “আমরা সাধারণত অন্যান্য দেশের কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করি না। কার্যক্রম পরিচালনা সংক্রান্ত প্রয়োজনীয়তা অনুযায়ী নিয়মিতভাবে বিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম স্থানান্তরিত হয়ে থাকে।"
গত মাসে ইরানের বিরুদ্ধে অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের রাজকীয় বিমান বাহিনীর ফেয়ারফোর্ড ঘাঁটিতে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার অভিযোগের তদন্তের পর, মার্কিন বিমান বাহিনী সেখানে মোতায়েন করা তাদের বোমারু বিমানগুলো সরিয়ে নিয়েছিল।
যুক্তরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্পর্কিত সহযোগী গোষ্ঠীগুলো ব্রিটেন ও অন্যান্য দেশে একের পর এক অগ্নিসংযোগ এবং অন্যান্য হামলার পেছনে রয়েছে, যার মধ্যে অনেকগুলোই ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে এবং ভয় ছড়ানোর উদ্দেশ্যে করা হয়েছিল। তারা এর আগে সতর্ক করেছিলেন যে, মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত থাকলে তেহরান যুক্তরাজ্যে তাদের লক্ষ্যবস্তুর পরিধি আরও বাড়াতে পারে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান মার্কিন আলোচনাকারীদের সাথে 'খুব নম্রভাবে কথা বলছে' আর দুই দেশের মধ্যকার সংঘাত অবসানে একটি সমঝোতায় পৌঁছানোর 'ভালো সম্ভাবনা' রয়েছে।
তিনি আরও যোগ করে বলেন, “সামরিকভাবে যুদ্ধ কার্যত শেষ।"
