১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে ইরান-সমর্থিত নাশকতার ছক: ৩ জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে ইরান-সমর্থিত হামলার আন্তর্জাতিক চক্রান্তে জড়িত থাকার অভিযোগে তিনজনের বিরুদ্ধে এই মামলা দায়ের হয়েছে।

যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে ইরান-সমর্থিত নাশকতার ছক: ৩ জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 08:19 PM

Updated : 11 Nov 2026, 08:19 PM

যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটি লক্ষ্য করে নাশকতার ছকসহ যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে প্রায় ২০টি হামলা ও হামলাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের কৌসুলিরা। ওয়াশিংটনের দাবি, অভিযুক্তরা ইরান-সমর্থিত সক্রিয় সদস্য।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, এই তিনজন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং ইরাক ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর হয়ে কাজ করছিলেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সম্পর্কিত অপরাধের অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্তরা হলেন, মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদি (৩২), মহসেন মোহাজেরি (৪৮) এবং মোহাম্মদ আলি আল-হাসানি (৩৫)। এদের মধ্যে আল-সাদি আগে থেকেই নিউ ইয়র্কের একটি কারাগারে বন্দি রয়েছেন।

তবে মোহাজেরী ও আল-হাসানি বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা প্রকাশ করেননি মার্কিন কৌসুলিরা।

ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনা ও বোমারু বিমান প্রত্যাহার

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করা অভিযোগের মূল কেন্দ্রবিন্দু দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের রাজকীয় বিমানবাহিনীর ঘাঁটি ‘আরএএফ ফেয়ারফোর্ড’।

সেখানে মার্কিন সেনা ও বোমারু বিমান মোতায়েন ছিল এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে বোমারু বিমান ব্যবহারের জন্য এই ঘাঁটিটি কাজে লাগিয়েছিল যুক্তরাষ্ট্র।

গত সেপ্টেম্বরে স্থানীয় এক কৃষক ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে কয়েকটি সাদা রঙের ভ্যানসহ একদল সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা দেখে পুলিশে খবর দেন। ওই ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করলেও পরে তারা সবাই জামিনে মুক্তি পান।

পরবর্তী সময়ে তাদের দুজনকে ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার সন্দেহে পুনরায় গ্রেপ্তার করে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইনের অধীনে অভিযুক্ত করা হয়।

তেহরান অবশ্য শুরু থেকেই এই ঘটনায় তাদের সম্পৃক্ততার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে আসছে।

তবে ওই ঘটনার কয়েক দিনের মাথায় ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে নিজেদের সব ‘বি-১ বোমারু বিমান’ সরিয়ে নিয়েছিল ওয়াশিংটন।

যেভাবে তৈরি হয়েছিল নাশকতার ছক

মার্কিন অভিযোগপত্রে বলা হয়, ৩৫ বছর বয়সী ইরাকি নাগরিক আল-হাসানি কয়েকজনকে ভ্যান চালিয়ে ওই বিমানঘাঁটিতে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন, যার কয়েকটিতে জ্বালানিভর্তি ব্যারেল ছিল।

মার্কিন কৌসুলিরা জানান, ভ্যানগুলোকে সাধারণ জ্বালানি সরবরাহকারী গাড়ি হিসেবে সাজাতে এবং স্প্লিন্টার (বোমার ধাতব টুকরো) হিসেবে ব্যবহারের জন্য লোহালক্কড় কিনতে আগেই অর্থ দিয়েছিলেন আল-হাসানি।

অভিযোগে আরও বলা হয়, ইরান ও ইরাকের দ্বৈত নাগরিকত্ব থাকা আল-সাদি এই চক্রান্ত সমন্বয়ের জন্য আল-হাসানি এবং ইরানি নাগরিক মোহাজেরীর কাছে সংকেতমূলক বার্তা (কোডেড মেসেজ) পাঠাতেন।

নিউ ইয়র্কের কারাগারে থাকা অবস্থায় ইরাকে অবস্থানরত নিজের মা ও বোনের সঙ্গে ফোনে কথা বলার সময় সংকেতের ভাষায় তিনি এসব বার্তা পৌঁছে দিতেন।

ম্যানহাটনের ইউএস অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড বলেন, “এই আসামিরা ইরানঘনিষ্ঠ সন্ত্রাসী সংগঠনগুলোর পক্ষে একটি সন্ত্রাসী অভিযান পরিচালনায় সহায়তা করেছে; যার লক্ষ্য ছিল ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ইহুদি সম্প্রদায় এবং মার্কিন সেনাদের আবাসন হিসেবে ব্যবহৃত ব্রিটিশ সামরিক ঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ড। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য ইরান ও তাদের মদদপুষ্ট গোষ্ঠীগুলোর এই হুমকি কোনও কাল্পনিক বিষয় নয়, এটি অত্যন্ত বাস্তব।”

মঙ্গলবার মার্কিন আদালতের পদক্ষেপ নিয়ে তাৎক্ষণিকভাবে ইরানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আগের হামলা ও মায়ল্ডেনহল ঘাঁটি

এর আগে গত মে মাসে আল-সাদির বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ এনেছিল মার্কিন কর্তৃপক্ষ।

সে সময় অভিযোগ করা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রতিশোধ নিতে তিনি মার্কিন ও ইহুদি লক্ষ্যবস্তুতে হামলা এবং মার্কিনিদের হত্যার নির্দেশনা দিয়েছিলেন।

সেসব হামলার মধ্যে গত এপ্রিলে লন্ডনে দুই ইহুদি ব্যক্তিকে ছুরিকাঘাতে আহত করা এবং ইউরোপের বিভিন্ন স্থানে সিনাগগ, ইহুদি স্কুল ও ইসরায়েলি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো ঘটনা অন্তর্ভুক্ত ছিল।

মে মাস থেকে মার্কিন হেফাজতে থাকা আল-সাদি জুনে নিজেকে নির্দোষ দাবি করে ‘যুদ্ধবন্দি’ (প্রিজনার অব ওয়ার) হিসেবে ঘোষণা করেন। তখন থেকেই তিনি জামিনহীন অবস্থায় বন্দি রয়েছেন।

মঙ্গলবার ফেয়ারফোর্ড ঘাঁটির চক্রান্তের অংশটি তার মামলায় নতুন করে যুক্ত করা হয় এবং বাকি দুজনকে অভিযুক্ত করা হয়।

ওদিকে, বিমান চলাচলের তথ্য পর্যবেক্ষণকারী বিভিন্ন ওয়েবসাইটের (ফ্লাইট ট্র্যাকিং) সূত্রে দেখা গেছে, মঙ্গলবার যুক্তরাজ্যের অপর একটি সামরিক ঘাঁটি ‘আরএএফ মায়ল্ডেনহল’ থেকে মার্কিন বাহিনী তাদের অন্তত এক ডজন উড়োজাহাজ সরিয়ে নিয়েছে।

প্রভাবশালী মার্কিন দৈনিক ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, ইরানের পক্ষ থেকে হুমকি আসার কারণেই যুক্তরাষ্ট্রের বিমানগুলো সেখান থেকে সরিয়ে নেওয়ার পদক্ষেপ নেয়।