১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা থেমে নেই

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি এসব হামলার ঘটনা ঘটছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা থেমে নেই

হরমুজ প্রণালী। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 04:20 PM

Updated : 18 Nov 2026, 04:20 PM

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা এবং যুদ্ধবিরতি চলার মধ্যেই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান।

মঙ্গলবার এসব হামলার ঘটনা ঘটেছে। ইরান হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন স্থাপনায়। আর যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে ইরানে কেশম দ্বীপে।

রয়টার্স জানিয়েছে, তেহরান বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক রেডার সিস্টেমে হামলার দাবি করার পর যুক্তরাষ্ট্র ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা জানান, হরমুজ প্রণালির কাছে কেশম দ্বীপে অবস্থিত ইরানের ইসলামিক রেভল্যুশানির গার্ড কোরের (আইআরজিসি) একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল লক্ষ্য করে মার্কিন যুদ্ধবিমান আক্রমণ চালিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, “যুক্তরাষ্ট্রের সেনা সদস্য ও সামরিক সম্পদ লক্ষ্য করে ইরানের আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে।”

এদিকে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন হামলায় ইরানের কোনো অবকাঠামোর ক্ষতি হয়নি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমাদ নাফিসি বলেন, “কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় আবাসিক, বাণিজ্যিক বা অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতিই হয়নি।”

মঙ্গলবার এর আগে আইআরজিসি জানিয়েছিল, তারা বাহরাইনের শেখ ঈসা ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রেডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। দেশটি জানিয়েছে, তারা হামলাটি প্রতিহত করেছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

আল জাজিরা লিখেছে, ইরানের বিরুদ্ধে ‘সন্ত্রাসী হামলার’ অভিযোগ এনেছে বাহরাইন।

ইরানের হামলার সময় অল্প সময়ের ব্যবধানে দুটি বিপদসংকেত জারি করার পর নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে বাহরাইনের কর্তৃপক্ষ।

এদিকে ইরান কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বলেও দাবি করেছে।

অবশ্য এক্সে এক পোস্টে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রুর’ ড্রোন হামলা প্রতিহত করেছে।

তারা বলেছে, বিস্ফোরণের যে শব্দ শোনা গেছে, তা মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন ভূপাতিত করার শব্দ।

তবে এসব ড্রোন হামলা কারা চালিয়েছে, সে বিষয়ে কুয়েত কারো নাম বলেনি।

তেলবাহী ট্যাংকারে হামলা বেড়েছে

রয়টার্স লিখেছে, চলতি মাসে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারের ওপর হামলার ঘটনা বেড়েছে।

মঙ্গলবার ইরানের নৌবাহিনী ও আইআরজিসি জানায়, হরমুজ প্রণালিতে এলএনজিবাহী একটি জাহাজ এবং দুটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা জানিয়েছে, ওমানের বন্দরনগরী খাসাবের উত্তরে একটি ট্যাংকার হামলার শিকার হয়। ওই ট্যাংকারের নাবিকদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এসব হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরান বাধা অব্যাহত রাখায় দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও বহাল থাকবে।

অচলাবস্থা

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। তুমুল যুদ্ধের এক পর্যায়ে গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। কিন্তু যুদ্ধবিরতি বেশি দিন টেকেনি আর শেষ পর্যন্ত ভেস্তে যায়।

তারপর থেকে বড় ধরনের কোনো যুদ্ধ শুরু না হলেও থেমে থেমে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে আর সামগ্রিকভাবে একটি অচলাবস্থা বিরাজ করছে।

এশিয়া সফররত ট্রাম্প বলেছেন, ইরান কিংবা ইয়েমেনে থাকা তেহরান-সমর্থিত হুতি গোষ্ঠীর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো উসকানিমূলক পদক্ষেপ না এলে তিনি ইরানে হামলা চালানো থেকে বিরত থাকতে পারেন।

মঙ্গলবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় ট্রাম্প সাংবাদিকদের বলেন, “ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ ব্যবহার করে ইরান হামলার পরিকল্পনা করতে পারে, এমন সম্ভাবনাকে যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ‘ডার্টি বোমাকে’ যুক্তরাষ্ট্রের ভিত্তিহীন প্রচারণার একটি অংশ বলে অভিহিত করে উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্র খোড়া অভিযোগ ব্যবহার করে নিজেদের অশুভ পরিকল্পনার পক্ষে গণমাধ্যম ব্যবহার করে পরিবেশ তৈরি করতে চাইছে।”

কাতার ও ওমানের মধ্যস্থতা

যুদ্ধ বন্ধে চলমান শান্তি আলোচনার বিষয়ে কাতারের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, মঙ্গলবার কাতার ও ইরানের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে।

তিনি জানান, আলোচনার লক্ষ্য ছিল, দুই পক্ষের দৃষ্টিভঙ্গির মধ্যে সেতুবন্ধ রচনা করা এবং মাঠপর্যায়ে উপস্থাপিত প্রস্তাবগুলোর মধ্যকার ব্যবধান কমিয়ে আনা।

এদিকে একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমান সফর করছেন।

টেলিগ্রামে এক পোস্টে আরাকচি জানান, এ সফরে তিনি ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন আর বৈঠকে তিনি যুদ্ধ অবসানে ইরানের কূটনৈতিক উদ্যোগগুলোর বিষয়ে সুলতানকে অবহিত করেছেন।