১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, কতটা ভয়ংকর এই বোমা?

যুক্তরাষ্ট্রের ভেতরেই লুকানো আছে হামলার সরঞ্জাম? কোনও প্রশিক্ষিত এজেন্ট ছাড়াই সাধারণ কাউকে দিয়ে এই বোমা হামলার ছক কষছে ইরান- এমন গোয়েন্দা তথ্যে সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, কতটা ভয়ংকর এই বোমা?

ক্যাপিটল হিল, ওয়াশিংটন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 06:41 PM

Updated : 17 Nov 2026, 06:41 PM

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ বা তেজস্ক্রিয় পদার্থ মেশানো রাসায়নিক বোমা হামলার ছক কষছে ইরান। সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা তথ্যে এই আভাস মিলেছে।

ইরানের এই হামলার নিশানা হতে পারেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। গোয়েন্দা তথ্যে এমন ইঙ্গিত রয়েছে বলে সিএনএন-কে জানিয়েছেন সাত জন মার্কিন কর্মকর্তা।

তবে ইরান সত্যিই এমন হামলার সিদ্ধান্ত নিয়েছে কি না, কিংবা এ ধরনের হামলা চালানোর সক্ষমতা দেশটির রয়েছে কিনা, তা বিতর্কের বিষয়।

সাম্প্রতিক গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত সূত্র বলেছে, আপাতত ইরানের এমন পরিকল্পনা তাৎক্ষণিক হামলার প্রস্তুতির চেয়ে সম্ভাব্য বিকল্প তৈরি রাখার প্রচেষ্টা বলেই মনে হচ্ছে।

তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ইরানের পরিকল্পনার যে তথ্য পেয়েছেন, তা বেশ সুনির্দিষ্ট। এতে সম্ভাব্য হামলার স্থান ও লক্ষ্যবস্তু উল্লেখ রয়েছে বলে দুটি সূত্র জানিয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, এমন তথ্য পাওয়ার পর সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় জরুরি প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে বলেন, “যুক্তরাষ্ট্র সম্ভাব্য সব ধরনের হুমকির দিকে নজর রাখছে। তবে এই মুহূর্তে দেশের ভেতরে হামলার তেমন কোনও হুমকি নেই।”

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনও পূর্ব ঘোষণা ছাড়াই চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে আক্রমণ চালিয়ে যুদ্ধের সূচনা ঘটায়। আট মাস ধরে চলা যুদ্ধ এখন কিছুটা স্তিমিত থাকলেও যুক্তরাষ্ট্র মাঝেমধ্যেই ইরানে ছোটবড় হামলা চালিয়ে যাচ্ছে।

আর পাল্টা জবাব হিসেবে ইরান প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

এমন পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ড, বিশেষ করে খোদ রাজধানীতে সম্ভাব্য হামলা পরিকল্পনার গোয়েন্দা তথ্য এল।

মার্কিন কর্মকর্তারা এই গোয়েন্দা তথ্যকে ইরানের ক্রমবর্ধমান সংঘাতের মনোভাবের একটি উদ্বেগজনক ইঙ্গিত হিসেবে দেখছেন।

যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে সম্ভাব্য হামলার শঙ্কা:

সূত্রগুলোর মতে, নতুন তথ্য থেকে বোঝা যায়, তেহরান এখন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের ভেতরে সম্ভাব্য হামলার পরিকল্পনা সক্রিয়ভাবে বিবেচনা করছে।

যদিও তারা হামলা চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তবে দুটি সূত্র জানিয়েছে, ইরানের এমন হুমকি মোকাবেলার উপায় নিয়ে মার্কিন কর্মকর্তারা গত এক সপ্তাহে একাধিক বৈঠক করেছেন।

ধারণা করা হচ্ছে, ইরানের হুমকির কারণে গত সপ্তাহে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে তার বাড়ি থেকে সামরিক ঘাঁটির আবাসনে স্থানান্তর করেছে সিক্রেট সার্ভিস।

এদিকে একজন মার্কিন কর্মকর্তা ট্রাম্প প্রশাসনের প্রস্তুতিমূলক উদ্যোগকে ‘বিচক্ষণ পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন।

তবে আরেক কর্মকর্তা বলেন, “হামলা বাস্তবায়নের জন্য ইরান সংশ্লিষ্ট লোকজন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে।“

তবে নতুন এই হুমকি মোকাবিলায় কিছুটা গোপনে হলেও যুক্তরাষ্ট্রের জরুরি তৎপরতা প্রমাণ করছে, ইরানের সঙ্গে সংঘাত কতটা অস্থিতিশীল ও অনিশ্চিত হয়ে উঠেছে।

গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের শুরু করা এই যুদ্ধের মূল্য যুক্তরাষ্ট্রে শুধু জ্বালানির দাম বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ না থেকে মার্কিন নাগরিকদের ঘরে পৌঁছে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

হামলার পরিকল্পনা আগেও ছিল ইরানের:

সিএনএন লিখেছে, যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের ষড়যন্ত্র নতুন নয়। ট্রাম্পের প্রথম প্রশাসনের সময় থেকেই এ ধরনের তৎপরতার খবর পাওয়া যাচ্ছে।

খোদ ট্রাম্পকে হত্যার জন্য ২০২৪ সালে ভাড়াটে খুনি লেলিয়ে দেওয়ার একটি পরিকল্পনার অভিযোগও রয়েছে ইরানের বিরুদ্ধে।

এসব পরিকল্পনা মূলত বিদেশ সফরের সময় মার্কিন কর্মকর্তাদের হত্যার সুযোগ খোঁজার মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে সেটি এখন যুক্তরাষ্ট্রের ভেতর পর্যন্ত বিস্তৃত হচ্ছে।

কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন যে, অপ্রচলিত অস্ত্রের মাধ্যমে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। 'ডার্টি বোমা' মূলত সাধারণ বোমার ভেতরে তেজস্ক্রিয় পদার্থ ভরে তৈরি করা হয় বলে তা বানানো তুলনামূলকভাবে বেশ সহজ।

ডার্টি বোমা হামলার শঙ্কা কতটা:

মার্কিন কর্মকর্তারা বলছেন, ডার্টি বোমা হামলা চালাতে ইরানকে বিদেশ থেকে প্রশিক্ষিত হামলাকারী পাঠাতে হবে না। যুক্তরাষ্ট্রে আগে থেকেই বাস করছেন এমন কাউকে হামলা চালাতে রাজি করালেই তা সম্ভব হতে পারে।

একটি সূত্র জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইরানের অভ্যন্তরীন কিছু গোপন বার্তা বা কথোপকথন শনাক্ত করেছে, যেখানে দাবি করা হয়েছে যে, তারা যুক্তরাষ্ট্রের ভেতরেই বোমা তৈরির সরঞ্জাম মজুত করে রেখেছে।

এই গোয়েন্দা তথ্য কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। তবে তাদের অধিকাংশই মনে করেন, সাধারণ কোনও অস্ত্রের সঙ্গে মেশানো যেতে পারে এমন তেজস্ক্রিয় পদার্থ বা রাসায়নিক উপাদান ইরান ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে মজুত করে রেখেছে—এমনটা হওয়া খুবই সহজ এবং সম্ভবও।

গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক সূত্র বলেন, “গত ১০ বছর ধরে যুক্তরাষ্ট্রের সীমান্ত যতটা অরক্ষিত ছিল, তাতে দেশটির ভেতরে হামলাকারী প্রবেশ করানো এবং বোমার উপাদান সংগ্রহ ও স্থাপন করা অত্যন্ত সহজ।”

অন্য একটি সূত্রের মতে, অনেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা মনে করেন, তেজস্ক্রিয় পদার্থ যুক্তরাষ্ট্রে কয়েক বছর, এমনকি কয়েক দশক ধরেও মজুত থাকতে পারে।

তিনি বলেন, এ ধরনের হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা নতুন করে বাড়েনি। তবে যা বদলেছে তা হল ইরানের ইচ্ছা বা তাগিদ।"

কী এই ডার্টি বোমা, কতটা ভয়ংকর

ডার্টি বোমা এবং পারমাণবিক বোমা একদমই আলাদা। পারমাণবিক বোমা ‘নিউক্লিয়ার ফিশন’ বা পরমাণু বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে বিপুল শক্তি উৎপন্ন করে। ফলে এটি ডার্টি বোমার চেয়ে বহুগুণ বেশি ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে।

ওদিকে, ডার্টি বোমা হচ্ছে, প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে তৈরি এক ধরনের অস্ত্র। এই বোমাও বাতাসের মাধ্যমে কয়েক ব্লক বা এমনকি কয়েক মাইল পর্যন্ত বিপজ্জনক তেজস্ক্রিয়তা ছড়িয়ে দিতে পারে।

এতে বিস্তীর্ণ এলাকা দূষিত হতে পারে। সেখানকার লোকজন গুরুত্ব অসুস্থ হতে পারে এবং মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে।

তবে বিশেষজ্ঞরা বলছেন যে, এই বোমায় কোনও হতাহত বা প্রাণহানির ঘটনা ঘটলে তা তেজস্ক্রিয়তার কারণে নয়, বরং বোমা বিস্ফোরণের কারণেই ঘটার সম্ভাবনা বেশি।

প্রচলিত বোমার তুলনায় ডার্টি বোমা তৈরি করা খুব বেশি কঠিন নয়। তবে এর জন্য প্রয়োজনীয় তেজস্ক্রিয় পদার্থ সংগ্রহ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

নতুন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত একজন মার্কিন কর্মকর্তা বলেন, “এ ধরনের যে কোনও অস্ত্র নির্ভুল হামলার অস্ত্র নয়, বরং আতঙ্ক সৃষ্টির অস্ত্র। আত্মঘাতী বোমা হামলাকারীর মতোই এটি মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে পারে।”

ওই কর্মকর্তা আরও বলেন, ‘এ ধরনের অস্ত্র মানুষকে গুরুতর অসুস্থ করে তুলতে পারে এবং নির্দিষ্ট কিছু এলাকাকে বসবাসের অনুপযোগী পর্যন্ত করে দিতে পারে।’

ডার্টি বোমা হামলার পরিকল্পনার কথা অস্বীকার ইরানের

গোয়েন্দা তথ্য ও শঙ্কার ব্যাপারে জাতিসংঘে ইরান মিশনের একজন মুখপাত্র বলেন, “ইরান যে কোনও পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে সম্পূর্ণ অবৈধ বলে মনে করে। এ বিষয়ে প্রচারিত মিথ্যা ও বানোয়াট অভিযোগ প্রত্যাখ্যান করছে ইরান।

যদিও সম্ভাব্য ডার্টি বোমা হামলার পরিকল্পনা সম্পর্কে গোয়েন্দা তথ্যের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি ইরানি ওই কর্মকর্তা।

সিএনএন লিখেছে, একজন মার্কিন কর্মকর্তা জোর দিয়ে বলেন, “এ ধরনের কোনো অস্ত্র পশ্চিম এশিয়া কিংবা যুক্তরাষ্ট্রে ব্যবহার করলে ইরানকে যে পাল্টা আক্রমণের মুখে পড়তে হবে, তা তেহরান ভালোভাবেই বোঝে।

“তবে ইরানের নেতারা যদি মনে করেন যে, তাদের সরকারের অস্তিত্বই হুমকির মুখে, তাহলে তারা হয়ত এই ঝুঁকি নেওয়াকেও তারা গ্রহণযোগ্য বলে বিবেচনা করতে পারেন।”