দ্বীপে হামলার জবাবে সংঘাত বাড়াল ইরান, কুয়েতেও আক্রমণ, জিসিসি’র নিন্দা
কেশম দ্বীপে মার্কিন হামলার প্রতিশোধ নিতে উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলার পরিধি বাড়িয়েছে ইরান। বাহরাইনের পর হামলা চলেছে কুয়েতেও। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ।
হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে রাতভর কুয়েতে অবস্থিত মার্কিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান। গত সেপ্টেম্বরের পর যুক্তরাষ্ট্রের মিত্র এই উপসাগরীয় দেশটিতে এটিই ইরানের প্রথম হামলা।
কুয়েতে এই হামলার আগে এক সপ্তাহের মধ্যে বাহরাইনেও অন্তত তিনবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
বুধবার তৃতীয়বারের মতো ইরানের আকাশপথের হামলা প্রতিহত করার কথা জানিয়েছে বাহরাইন। মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর থাকা এই দেশটি তেহরানের বিরুদ্ধে ‘ধারাবাহিক বৈরী আচরণের’ অভিযোগ তুলেছে।
কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বুধবার শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করার কথা জানানোর পর ইরানের সেনাবাহিনী জানায়, তারা কুয়েতের আলি আল সালেম ঘাঁটিতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এক মার্কিন সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানান, মার্কিন সেনা ও সম্পদে ইরানের হামলার প্রতিশোধ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান কেশম দ্বীপের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালিয়েছিল।
তবে ইরানি এক কর্মকর্তার বরাতে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ওই হামলায় কোনও অবকাঠামোর ক্ষতি হয়নি। এ ঘটনার পর নিজেদের সার্বভৌমত্ব ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার অধিকার আছে বলে জানিয়েছে কুয়েত।
বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে ইরানের সেনাপ্রধান আমির হাতামি হুঁশিয়ারি দিয়ে বলেন, “শত্রু যদি আবারও ভুল করে, তবে ভৌগোলিক কোনো সীমাবদ্ধতা ছাড়াই আরও শক্তিশালী ও বিধ্বংসী উপায়ে তাদের এবং তাদের সমর্থকদের মোকাবেলা করার প্রস্তুতি ও পরিকল্পনা আমাদের রয়েছে।”
জিসিসি’র নিন্দা
আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি ও ইরানের সবশেষ হামলাগুলোর তীব্র নিন্দা জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কুয়েত ও বাহরাইনে হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির শামিল’ এবং দুই দেশের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের আগ্রাসন বন্ধ করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।
অন্যদিকে, জিসিসি মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই কুয়েতে ‘চলমান অপরাধমূলক হামলার’ কঠোর নিন্দা জানিয়ে আঞ্চলিক নিরাপত্তায় এর বিরূপ প্রভাবের জন্য ইরানকে দায়ী করেছেন।
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের জ্যেষ্ঠ ফেলো হাসান আল হাসানের মতে, ইরান উত্তেজনা বাড়ালেও যুক্তরাষ্ট্র ইরানের ভেতরের লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান বিস্তৃত করলে সংঘাত আরও বাড়তে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে তেহরান ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা শুরু করে।
পরবর্তী সময়ে এই সংঘাত লেবানন ও জর্ডানে ছড়িয়ে পড়ে এবং ইয়েমেনের হুতিরা সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা শুরু করে।
তেহরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করায় এবং যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ-অবরোধ দেওয়ায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম আকাশচুম্বী হয়েছে।
কাতারের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, বাস্তব পরিস্থিতির আলোকে উপস্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে ‘দৃষ্টিভঙ্গির সমন্বয় ও ব্যবধান কমিয়ে আনার’ লক্ষ্যে মঙ্গলবার কাতার ও ইরানের কর্মকর্তারা বৈঠক করেছেন।
এদিকে বুধবার সৌদি রাজধানী রিয়াদের দিকে ইয়েমেনের হুতিদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে হরমুজ প্রণালি ও ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলাও অব্যাহত রয়েছে।
মঙ্গলবার ওমানের খাসাব উপকূলে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ট্যাংকার ছেড়ে যান নাবিকেরা।
এ ছাড়া হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের ‘আদনক এলঅ্যান্ডএস’-এর একটি জাহাজে হামলায় এক নাবিক নিখোঁজ ও ১১ জন আহত হয়েছেন।
