০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

‘নিরাপত্তা উদ্বেগে’ ব্রিটিশ ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

পেন্টাগন তাদের বোমারু বিমানগুলো ব্রিটিশ ঘাঁটি থেকে সরিয়ে আমেরিকায় তাদের নিজেদের ঘাঁটিতে নিয়ে যাচ্ছে।

‘নিরাপত্তা উদ্বেগে’ ব্রিটিশ ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে একটি মার্কিন বি-১বি ল্যান্সার বোমারু বিমান উড্ডয়ন করছে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 01:00 PM

Updated : 05 Oct 2026, 01:00 PM

যুক্তরাজ্যের রাজকীয় বিমান বাহিনীর (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে নিজেদের বোমারু বিমানগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এক বিবৃতিতে জানান, পেন্টাগন তাদের বোমারু বিমানগুলো এই ঘাঁটি থেকে সরিয়ে আমেরিকায় তাদের নিজেদের ঘাঁটিতে নিয়ে যাচ্ছে।

বোমারু বিমানগুলোর সংখ্যা প্রায় এক ডজন হবে বলে জানিয়েছে বিবিসি।

পেন্টাগনের এক মুখপাত্র আল জাজিরাকে বলেছেন, “কার্যক্রম সংক্রান্ত নিরাপত্তাজনিত কারণে আমাদের সম্পদ ও বাহিনীর গতিবিধি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব না হলেও আমরা এখন জানাতে পারি যে, আরএএফের ফেয়ারফোর্ডে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের সব বোমারু বিমান নিজ নিজ ঘাঁটিতে ফিরে গেছে।”

রয়টার্স জানিয়েছে, লন্ডনের উত্তরপশ্চিমে আরএএফের ফেয়ারফোর্ড বিমান ঘাঁটিতে ডজন খানেক বি-১ বোমারু বিমান মোতায়েন ছিল। এসব বিমান ইরানে আঘাত হানতে ব্যবহার করা হয়েছে।

ঠিক কী কারণে হঠাৎ করে এসব বিমান প্রত্যাহার করা হল, তা স্পষ্ট হয়নি। যুক্তরাষ্ট্র এই প্রত্যাহারের কোনো কারণ জানায়নি। তবে ২৭ সেপ্টেম্বর পুলিশ এই ঘাঁটির কাছে ‘সন্দেহজনক তিনটি গাড়ির’ উপস্থিতি জানিয়ে সতর্ক করার পর গ্রেপ্তারের একটি ঘটনা ঘটে।

ঘাঁটির কাছে সন্দেহজনক সন্ত্রাস সংক্রান্ত অপরাধে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু পরবর্তীতে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। পরে ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ এক নাগরিককে গ্রেপ্তার করা হয় আর তাকেও জামিনে মুক্তি দেওয়া হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে, রাজনৈতিক সিদ্ধান্ত নয়, সামরিক সিদ্ধান্তে বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

এ বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।

ট্র্যাকিং ওয়েবসাইটগুলো দেখিয়েছে, রোববার বি-১ বোমারু বিমানগুলো আরএএফের ফেয়ারফোর্ড ঘাঁটি ছেড়ে গেছে।