পুতিনের চীন সফরের আগে রুশ বিমানের অনুপ্রবেশের অভিযোগ জাপান, তাইওয়ানের
চীনের শেনজেন শহরে অ্যাপক শীর্ষ সম্মেলনে উপলক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগমণের আগে ঘটনাগুলো ঘটেছে।
চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের আগমুহূর্তে রুশ বিমানগুলোর বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে জাপান ও তাইওয়ান।
মঙ্গলবার তাইওয়ান বলেছে, তারা তাদের পূর্ব উপকূলে উড়তে থাকা রাশিয়ার দুটি সামরিক বিমান শনাক্ত করেছে।
একই দিন রাশিয়ার বলে ধারণা করা দুটি আকাশযান জাপানের আকাশসীমা লঙ্ঘন করায় মস্কোর কাছে প্রতিবাদ জানিয়েছে টোকিও।
বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, দুই অঞ্চলের সম্ভবত একই আকাশযান ছিল। চীনের দক্ষিণাঞ্চলীয় শেনজেন শহরে চলতি সপ্তাহে অ্যাপক শীর্ষ সম্মেলনে উপলক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগমণের আগে অভিযোগ করা ঘটনাগুলো ঘটেছে। চীন ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ কূটনীতিক ও সামরিক সম্পর্ক রয়েছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দ্বীপটির পূর্ব দিকের আকাশসীমা অতিক্রম করে রুশ বিমানগুলো পূর্বাঞ্চলীয় তাইতুং কাউন্টির দক্ষিণ দিক দিয়ে তাদের বিমান প্রতিরক্ষা অঞ্চল ছেড়ে চলে যায়। তবে বিমানগুলো কোন মডেলের, তা মন্ত্রণালয় শনাক্ত করতে পারেনি।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে মন্ত্রণালয়টি আরও জানায়, তারা যৌথ গোয়েন্দা, নজরদারি ও পর্যবেক্ষণ ব্যবস্থার মধ্যমে বিমানগুলোর পুরো গতিবিধি পর্যবেক্ষণ করেছে এবং ‘যথাযথ পদক্ষেপ’ নিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি।
মঙ্গলবার এর আগে জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা জানান, দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ফুকুওকা প্রিফেকচারের ওকিনোশিমা দ্বীপের কাছে রাশিয়ার বলে ধারণা করা দুটি বিমান জাপানের আকাশসীমা লঙ্ঘন করায় টোকিও মস্কোর কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে।
কিহারা বলেন, "রাশিয়ার বিমানের জাপানের আকাশসীমা লঙ্ঘন জাপানের সার্বভৌমত্বের এক গুরুতর লঙ্ঘন।আমরা রাশিয়ার কাছে এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছি।"
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সেলফ-ডিফেন্স ফোর্সেস যুদ্ধবিমান পাঠিয়ে এবং এর জবাবে সতর্কবার্তা ও বিজ্ঞপ্তি জারিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
মন্ত্রণালয়টি আরও জানায়, সন্দেহভাজন রুশ বিমানগুলো পরবর্তীতে সুশিমা প্রণালি অতিক্রম করে ইয়োনাগুনি দ্বীপ ও তাইওয়ানের মাঝ দিয়ে উড়ে প্রশান্ত মহাসাগরের দিকে চলে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে; তবে এক্ষেত্রেও বিমানগুলো কোন ধরনের তা শনাক্ত করা সম্ভব হয়নি।
ইয়োনাগুনি হলো তাইওয়ানের সবচেয়ে নিকটবর্তী জাপানি দ্বীপ, যা তাইওয়ানের পূর্ব উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি মানচিত্রে দেখা গেছে, বিমানগুলো তাইওয়ানের পূর্ব দিক দিয়ে দক্ষিণমুখী হয়ে উড়ে যাচ্ছিল, এ থেকে ইঙ্গিত মেলে যে তাইওয়ান পরবর্তীতে এই একই বিমানগুলোকে শনাক্ত করেছিল।
আরও পড়ুন:
ম্যানিলায় ‘কোয়াড’ আলোচনার মাধ্যমে এশিয়া সফর শুরু করছেন ট্রাম্প
