কালজয়ী রুশ উপন্যাসের অসমাপ্ত অংশ লিখল এআই
ব্যঙ্গাত্মক রচনা ও ডার্ক কমেডির জন্য বিশেষভাবে পরিচিত এই সাহিত্যিককে ইউক্রেইন ও রাশিয়া উভয় দেশই তাদের সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে দাবি করে।
মৃত্যুর আগে নিজেই পুড়িয়ে ফেলা রুশ লেখক নিকোলাই গোগোলের বিখ্যাত এক উপন্যাসের অসমাপ্ত অংশ লিখেছে রাশিয়ার এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
‘ডেড সোলস: রিভাইভাল’ শিরোনামের বইটি বেস্টসেলার হলেও এর সাহিত্যমান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
১৮৫২ সালে মৃত্যুর কিছুকাল আগে মানসিক বিপর্যয়ের শিকার হয়ে নিজের কালজয়ী উপন্যাস ‘ডেড সোলস’-এর পাণ্ডুলিপির একটি অংশ আগুনে পুড়িয়ে ফেলেছিলেন গোগোল।
রুশ সাহিত্যের অন্যতম সেরা কীর্তি হিসেবে বিবেচিত হলেও উপন্যাসটি অসমাপ্তই থেকে গিয়েছিল। পরিকল্পিত তিনটি খণ্ডের মধ্যে কেবল প্রথম খণ্ডটিই অক্ষত অবস্থায় টিকে ছিল।
কোনো ধ্রুপদী লেখকের মূল ভাব ও লেখনশৈলী এআই আয়ত্ত করতে পারে কি না তা পরীক্ষা করার লক্ষ্যে রাশিয়ার এআই ব্যবস্থা উপন্যাসটির হারিয়ে যাওয়া দ্বিতীয় খণ্ডের নিজস্ব একটি সংস্করণ তৈরি করেছে।
তবে নতুন বইটি একদল পাঠকের কল্পনাকে আলোড়িত করলেও সাহিত্য সমালোচকদের মন জয় করতে পারেনি।
রাশিয়ার ব্যাংকিং ও প্রযুক্তি জায়ান্ট ‘এসবার’-এর তৈরি এআই মডেল ‘গিগাচ্যাট’ ব্যবহার করে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে, যেখানে ভাষাবিদ, প্রকৌশলী ও ইতিহাসবিদদের সহায়তা নিয়েছে এসবার।
প্রকল্পটির নেতৃত্বে থাকা ভ্লাদিস্লাভ ওত্রোশেঙ্কো বলেছেন, গোগোলের বিশ্বাসযোগ্য সাহিত্যিক শৈলী আয়ত্ত করতে যন্ত্রটির প্রায় চার মাস সময় লেগেছে।
তিনি বলেছেন, “এটা কাজের শৈল্পিক দিক ও বিশেষ করে কাহিনির কাঠামো খুব ভালোভাবে সামলেছে।
“বইটি এখন বেস্টসেলার… পাঠকরা সত্যিই এর প্রতি আগ্রহ দেখাচ্ছেন। এর কি কোনো শৈল্পিক মূল্য আছে? অবশ্যই আছে, কারণ এটা এ ধরনের প্রথম এক অনন্য ও নজিরবিহীন পরীক্ষা।
“আমরা রুশ সাহিত্যের সবচেয়ে কঠিন শৈলী গোগোলের লেখনী ও কাব্যিক রীতি নিয়ে কাজ করছিলাম।”
গোগোলের জন্মস্থান বর্তমানে ইউক্রেইনের অন্তর্গত। প্রধান সাহিত্যকর্মগুলো তিনি রুশ ভাষায় রচনা করেছিলেন।
ব্যঙ্গাত্মক রচনা ও ডার্ক কমেডির জন্য বিশেষভাবে পরিচিত এই সাহিত্যিককে ইউক্রেইন ও রাশিয়া উভয় দেশই তাদের সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে দাবি করে।
‘ডেড সোলস’-এর টিকে থাকা প্রথম খণ্ডে গোগোল প্রতারক চিচিকভের নেতৃত্বে একদল ধূর্ত চরিত্রের সমাবেশ ঘটিয়েছিলেন।
সেখানে চিচিকভ জমিদারদের খাতায় তখনো জীবিত হিসেবে নথিভুক্ত থাকা মৃত ভূমিদাসদের কাগজে-কলমে ‘কিনে নেওয়ার’ মাধ্যমে এক আর্থিক জালিয়াতির ফন্দি আঁটেন।
তবে সৃজনশীলতা ও আধ্যাত্মিক সংশয়ে জর্জরিত গোগোল উপন্যাসটির দ্বিতীয় ও তৃতীয় খণ্ড শেষ করতে পারেননি, যেখানে তিনি মূল চরিত্রের নৈতিক পুনর্জাগরণ চিত্রিত করার পরিকল্পনা করেছিলেন।
গিগাচ্যাটের বইটির প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত মস্কোর বাসিন্দা ইগর বলেছেন, বইটি পড়লে মনে হয় এটা মূল রচনার চেতনার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ।
উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেছেন, “বইটি সত্যিই অনন্য। আমি মনে করি গোগোলের ভক্তদের সামনে এখন এটা মূল্যায়ন, তুলনা ও চিচিকভের রোমাঞ্চকর অভিযানের পরিণতি কী হলো তা দেখার একটি সুযোগ তৈরি হয়েছে।”
তবে মস্কোর গোগোল জাদুঘরে আসা দর্শনার্থী লারিসা বলেছেন, যা হারিয়ে গেছে এআই কোনোভাবেই তা সফলভাবে ফিরিয়ে আনতে পারবে না।
“এআই দিয়ে লেখা বইটি আমাকে স্পর্শ করবে না। আমি তা পড়তেও চাই না।”
গোগোল বিশেষজ্ঞ আরতিওম নিকিতিন বলেছেন, একই যুক্তিতে এআই যে কোনো সংখ্যক সাহিত্যকর্মের পরবর্তী খণ্ড লিখে ফেলতে পারবে।
“তবে আমি বিশ্বাস করি, একজন লেখক আগে যা কিছু তৈরি করেছেন, সেখান থেকে স্বয়ংক্রিয়ভাবে নতুন কোনো সাহিত্যকর্ম বেরিয়ে আসে না।
“আমরা যদি লেখকের ভাষা, লেখনশৈলী ও কাহিনির ধারা জেনেও যাই তবুও তা বলে দিতে পারে না যে তিনি পরবর্তীতে কী লিখবেন।”
