সাংস্কৃতিক আয়োজনে ‘বিবর্তনের’ প্রতিষ্ঠাবার্ষিকী, নতুন কমিটি ঘোষণা
নতুন কমিটিতে সভাপতি পদে এস এম কামাল উদ্দীন এবং সাধারণ সম্পাদক পদে আমিরুন নূজহাত মনীষা নির্বাচিত হয়েছেন।
আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন পালন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র।
এ আয়োজন থেকে তিনটি পদ ফাঁকা রেখে ১৭ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি পদে এস এম কামাল উদ্দীন এবং সাধারণ সম্পাদক পদে আমিরুন নূজহাত মনীষা নির্বাচিত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শুক্রবার বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। সকালে ডাকসু ক্যাফেটেরিয়ায় কাউন্সিল অধিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
সভাপতি এস এম কামাল উদ্দীনের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে সংগঠনের ঘোষণাপত্র, গঠনতন্ত্র এবং বিগত বছরের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। অধিবেশন শেষে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে আরও যারা
ঘোষিত ১৭ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মফিজুর রহমান লালটু ও অধ্যাপক আখতারুজ্জামান।
অন্য পদগুলোয় সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক তানিয়াহ মাহমুদা তিন্নী, অর্থ সম্পাদক হিরা অনিন্দিতা স্বতী, দপ্তর সম্পাদক মেহেদী হাসান এবং প্রচার সম্পাদক মারজিয়া প্রভা।
সদস্য হিসেবে রয়েছেন চম্পাবতী এন মারাক, আশিকুর রহমান, ফারহানা বহ্নি, সাকিব হোসেন রনি, সামি আব্দুল্লাহ্ ও মহিউদ্দিন ছড়া।
টিএসসিতে আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন
সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকেল ৪টায় টিএসসি সংলগ্ন সড়কদ্বীপে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সাংগঠনিক সম্পাদক তানিয়াহ মাহমুদা তিন্নীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন চিত্রশিল্পী ও সংগঠনের প্রাক্তন সদস্য দিলরুবা পাপিয়া, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের নির্বাহী সদস্য জাকির হোসেন এবং নবগঠিত কমিটির সভাপতি এস এম কামাল উদ্দীন, সহ-সভাপতি মফিজুর রহমান লালটু, অধ্যাপক আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক আমিরুন নূজহাত মনীষা।
আলোচনা শেষে গণসংগীত পরিবেশন করেন ফুলবাড়ীর সংগঠক খাদেমুল ইসলাম, আজমিরি আজিজ ভাষা ও শুভজিৎ।
এ ছাড়া মূকাভিনয় করেন ম. আবু হারুন টিটো এবং কবিতা আবৃত্তি করেন কবি হাসান ফকরী, মনজুর শামস ও গোলাম শফিক।
১৯৭৮ সালে প্রতিষ্ঠিত বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র জাতীয় সম্পদ ও পরিবেশ রক্ষা, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতাবিরোধী সংগ্রাম এবং সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানে মঞ্চনাটক, পথনাটক ও গণসংগীতের মাধ্যমে সক্রিয় ভূমিকা রেখে আসছে।
